নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ প্রত্যাহার, নিয়মিত ড্রেজিং ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। এতে নৌপরিবহন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান মিয়া বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনিছ মাস্টার, সহসভাপতি মাহমুদ হোসেন এবং বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন নৌপথে বিপজ্জনক ডুবোচর দেখা দিলেও নিয়মিত ড্রেজিং হচ্ছে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর দাম বাড়ানো, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় এবং সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজির কারণে নৌপরিবহন খাত মারাত্মক সংকটের মুখে পড়েছে। অবিলম্বে এসব হয়রানি বন্ধ ও নিরাপদ নৌপথ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
আপনার মতামত লিখুন