চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আব্দুল্লাহ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে প্রথমে হাসপাতালে না নিয়ে কবিরাজের কাছে নিয়ে কালক্ষেপণ করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আল আমিন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় ঘোলদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আব্দুল্লাহ। গভীর রাতে তাকে বিষধর সাপে কামড় দেয়। অন্ধকারে সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি নিশ্চিত হতে পারেননি। কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত একই গ্রামের জিমনগর পাড়ার অর্জুন নামের এক কবিরাজের কাছে নেওয়া হয়। ওই কবিরাজ পরীক্ষা করে জানান যে তাকে সাপে কাটেনি।
কিন্তু আব্দুল্লাহর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্বিতীয় আরেকজন কবিরাজের কাছে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হানিফ জানান, কবিরাজের কাছে নিয়ে সময় নষ্ট করার কারণে শিশুটির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর খবর আমরা জেনেছি। এখনো থানায় কোনো অপমৃত্যু মামলা হয়নি। হাসপাতালের সনদ হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন