নরসিংদীর মাধবদীতে বিদেশি পিস্তল ঠেকিয়ে এক ট্রাকচালকের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান এসব তথ্য জানান। এ সময় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় তিন ছিনতাইকারী একটি ট্রাকের গতিরোধ করে। তারা চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইন ও দস্যুতার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।
ঘটনার পর নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মাধবদীর পাঁচভাগ শ্রীনগর গ্রামের শুভ (২২) ও একই গ্রামের ফাহিম (২৬)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন