টাঙ্গাইলের সখিপুরে অনিয়মের দায়ে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি ল্যাব সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সংলগ্ন ‘নিধি ডায়াগনো কমপ্লেক্স’ ও ‘গ্রীন লাইফ হাসপাতাল’-এ এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান চলাকালে নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি ল্যাবে সংরক্ষিত ফ্রিজের ভেতর কাঁচা মাছ এবং মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ ও রিএজেন্ট পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি ল্যাবটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে, গ্রীন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়ায় সেটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ফ্রিজে কাঁচা মাছ রাখার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন