ঠাকুরগাঁওয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাঁচটি বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এমন ফল বিপর্যয়ের মুখে ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের আগামী দুই দিনের মধ্যে এই শোচনীয় ফলের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো - সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয়, অনভারডিঘি উচ্চবিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় ও তাওরিগাঁ উচ্চবিদ্যালয়। এ ছাড়া তালিকায় রয়েছে হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়। এই পাঁচটি বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, বিদ্যালয়গুলোর একাডেমিক ব্যবস্থাপনা ও পাঠদান পদ্ধতি খতিয়ে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এবার ঠাকুরগাঁওয়ে এসএসসিতে পাসের গড় হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। জেলায় ১৭ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন।
আপনার মতামত লিখুন