রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার এবং এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
রংপুরবাসীর ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বুধবার (১২ আগস্ট) দুপুরে বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যে এমন আভাস পাওয়া গেছে যে, রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের অধিকারকে খাটো করে।’
আজম খান আরও বলেন, উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দ বা ভোটের সম্পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব দল-মত নির্বিশেষে দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা।
রংপুরের বৈষম্য দূর করতে কর্মসংস্থান, শিল্পায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হকের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ স্থানীয় অন্যান্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উন্নয়ন ও রাজনৈতিক আনুগত্যের সঙ্গে যুক্ত না করার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন