গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন তুমলিয়া ইউনিয়নের পুন্নারটেক গ্রামের নজরুল ইসলাম (৪৭), টেক মানিকপুর গ্রামের মোক্তার মোল্লা (৩৫) এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মো. কাসেম (২৯)।
আদালত সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা করা হয়। রায়ে নজরুল ইসলামকে ১০ দিন, মোক্তার মোল্লাকে ৩ মাস এবং মো. কাসেমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে এই অভিযান জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন