নরসিংদীর পলাশ উপজেলার অত্যন্ত ব্যস্ততম পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মরা ও শুষ্ক গাছ অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ নিয়ে জাতীয় দৈনিক সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নরসিংদী জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নজরে আসে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ আগস্ট) দুপুরে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এই পরিদর্শন করা হয়। এ সময় জেলা বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হায়দার হোসেনসহ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, আমতলা থেকে চর্ণগরদী এবং জামতলা বাজার থেকে বালিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে মরা গাছগুলো ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়ে আছে। সামান্য বাতাসেই এসব গাছ ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। নরসিংদীসহ আশপাশের কয়েক জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এমন বিপজ্জনক পরিস্থিতি বজায় থাকলেও আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা প্রশাসন জানায়, অতি দ্রুত মরা গাছগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন যাতায়াতকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তবে তালিকা প্রণয়নের পর যেন আমলাতান্ত্রিক জটিলতায় অপসারণ প্রক্রিয়া আটকে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
আপনার মতামত লিখুন