যশোরের বেনাপোলে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং ইছাপুর মাদ্রাসার অফিস সহকারী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন - মাদ্রাসা শিক্ষক ফজলুর রহমান (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট দুপুরে ইব্রাহিম ও ফজলুর রহমান হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে করে গোগা এলাকা থেকে শার্শা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং আরোহীরা মারাত্মক আহত হন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, দুর্ঘটনাকবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন