চাঁদপুরে মাদক কেনার টাকা না পেয়ে বাবা মুছাব্বর গাজীকে (৬০) কুপিয়ে হত্যার দায়ে ছেলে হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, হোসেন গাজী মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার বাবার সঙ্গে ঝগড়া ও মারধর করতেন। তাকে সুস্থ করতে পরিবার থেকে ঢাকার একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
২০১৮ সালের ১৬ নভেম্বর সকালে হোসেন গাজী তার বাবাকে ঘরে ঘুমন্ত অবস্থায় ধারালো ‘দা’ দিয়ে মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ওই দিনই নিহতের বড় ছেলে আলম গাজী বাদী হয়ে ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ ১৭ নভেম্বর হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনার পর হোসেন গাজীকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন