নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় রউফ মিয়া ও শরীফ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন