নওগাঁয় গত এক মাসে উদ্ধার হওয়া ৮০টি হারানো মুঠোফোন (মোবাইল) প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মুঠোফোন হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় মুঠোফোন হারানোর ঘটনায় বেশ কিছু সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর ভিত্তিতে জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম ও গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তদন্ত শুরু করে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে হারানো ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। দীর্ঘদিন পর হারানো প্রিয় ফোনটি ফিরে পেয়ে অনেকেই এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মুঠোফোন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকের অনেক প্রয়োজনীয় তথ্য ও স্মৃতি ফোনে থাকে। হারানো ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে।’
মুঠোফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন