টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় একদল তরুণ। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার সখিপুর-বহেড়াতৈল সড়কের বগা প্রতিমা এলাকায় সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করেন ‘যুব শক্তি ক্লাব’-এর সদস্যরা।
সংগঠনটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে, বিশেষ করে বাঁকগুলোতে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা কঠিন হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। ঝুঁকি এড়াতে তারা স্বেচ্ছাশ্রমে এসব আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করার সিদ্ধান্ত নেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকায় চালকেরা অনেক সময় বিপরীত পাশের গাড়ি দেখতে পেতেন না। তরুণদের এই কাজের ফলে সড়কে চলাচল অনেকটা নিরাপদ হবে।
যুব শক্তি ক্লাবের সভাপতি মো. আবুল বাশার বলেন, ‘জনস্বার্থে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।’
পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা সরোয়ার হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. রহিম মিয়া ও ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ সংগঠনের সদস্যরা।
আপনার মতামত লিখুন