কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে শিশু শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো আজ সকালে তারা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোনো শিক্ষকের দেখা না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দলবদ্ধভাবে বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মেরে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং পাঠদানও হয় না।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মাজেদুল বলে, ‘শিক্ষকেরা দিনের পর দিন স্কুলে আসেন না। আমরা পড়তে চাই, কিন্তু পড়ানোর কেউ নেই। শিক্ষকেরা যাতে নিয়মিত আসেন, সেজন্যই আমরা আজ পথে নেমেছি।’
স্থানীয় বাসিন্দা আল আমিনের অভিযোগ, বিদ্যালয়টির পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত চরে আসেন না। তারা ঢাকা বা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেও কাগজে-কলমে উপস্থিতি দেখিয়ে সরকারি বেতন-ভাতা তুলছেন। ঘরে বসে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইশরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। শিক্ষকেরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন