নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবন করার সময় এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সামসুল ইসলাম, মাটিয়ালপাড়া গ্রামের উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের রকি (২৮) ও মো. বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি নির্জন বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে বসে মাদক সেবন করছিলেন কনস্টেবল সামসুল ইসলাম। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই বাগানবাড়িটি ঘেরাও করেন এবং তাদের আটক করেন। পরে খবর পেয়ে বেলাব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন