নওগাঁয় পারিবারিক কলহ ও কন্যাসন্তান জন্ম দেওয়ার জেরে স্ত্রী হালিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী মো. শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি শামীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত শামীম সরদার জেলার মহাদেবপুর উপজেলার দোহালী কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালে শামীমের সঙ্গে হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় বসবাস শুরু করেন। সেখানে তাদের একটি কন্যাসন্তান জন্ম নিলে শামীম তা মেনে নিতে অস্বীকার করেন এবং স্ত্রী-সন্তানের প্রতি অবহেলা শুরু করেন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর শামীম তার শ্বশুরবাড়ি থেকে হালিমাকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এর দুদিন পর ২৯ ডিসেম্বর নওগাঁ সদর মডেল থানাধীন তিলকপুর ইউনিয়নের একটি ধানখেত থেকে হালিমার গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকেই শামীম পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৩ মার্চ আদালতে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শামীম সরদার আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শাহরিয়ার এবং আসামিপক্ষে ছিলেন মো. এমরান হোসেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহরিয়ার বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন