ঝিনাইদহ শহরে একটি ছাত্রাবাসে খাবার নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আহমেদ (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মহিলা কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার আহমেদ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিখন হোসেন (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মেসের অন্য শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মেসে খাবার না থাকা ও বাজার করা নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে লিখনের কথা-কাটাকাটি হয়। এ সময় কাউসার আহমেদ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে লিখনের সঙ্গে তারও তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউসার কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করেন। তখন লিখন ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলামিন হোসেন নামের এক শিক্ষার্থী জানান, কাউসার পরীক্ষা দিয়ে মেসে ফিরে খাবার খেয়েছিলেন। এতে লিখনের জন্য খাবার কম পড়ে যাওয়ায় মেস ম্যানেজারের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়েছিল। পরে কাউসার সেখানে হস্তক্ষেপ করলে ঘটনার মোড় ঘুরে যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী জানান, হাসপাতালে আনার আগেই কাউসারের মৃত্যু হয়েছিল। তার পিঠে গভীর ক্ষত ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত লিখনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন