ময়মনসিংহে এক পশু চিকিৎসককে মারধর, চেম্বার ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) ভুক্তভোগী চিকিৎসক আশিকুর রহমান কোতোয়ালি মডেল থানায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক), আফরিন রশিদ সেজুতি ও সাকিবসহ তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযুক্ত আফরিন রশিদ সেজুতিকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী চিকিৎসক আশিকুর রহমান নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি ক্লিনিকে পোষা প্রাণীর চিকিৎসা দেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক নারী চিকিৎসকের চেম্বারে ঢুকে জুতা খুলে তাঁকে পেটাচ্ছেন। পাশে থাকা ছাত্রদল নেতা তালহাজুর রহমান ঘটনাটি ফোনে ধারণ করছেন এবং একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারছেন।
মামলার এজাহারে চিকিৎসক আশিকুর রহমান দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে বাধা দিলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এলে তার স্ত্রী ও চেম্বারের এক কর্মীকেও লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে।
চিকিৎসক আরও জানান, বছরখানেক আগে একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনা নিয়ে আফরিন রশিদ সেজুতি তার ওপর ক্ষুব্ধ ছিলেন। সেই ব্যক্তিগত আক্রোশ থেকেও এই হামলা হয়ে থাকতে পারে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চিকিৎসকের মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আফরিন রশিদ সেজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।
আপনার মতামত লিখুন