দেশে শিশুদের দৃষ্টিশক্তির সমস্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ সমস্যা নিরসনে অভিভাবকদের সচেতনতা ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চক্ষু চিকিৎসার মানোন্নয়নে ‘অপটোমেট্রি’ পেশার উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহের একটি হোটেলের মিলনায়তনে বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটি আয়োজিত বিভাগীয় বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দিদারুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে. জামান বিএনবিএস চক্ষু হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া। সেমিনারের আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. কে. জামান বিএনবিএস চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক ও সোসাইটির উপদেষ্টা শরীফুজ্জামান পরাগ, ব্যবস্থাপক (প্রশাসন) এস. কে. এম. জহিরুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা সালাউদ্দিন, সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক বরকত আলী, সহসভাপতি কাজী কামাল উদ্দিন ও বুলবুল আক্তার।
বক্তারা বলেন, যেকোনো পেশার মান ও দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের শিক্ষামূলক কর্মশালা অত্যন্ত জরুরি। বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে উন্নত করতে সরকারি স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। চক্ষু বিশেষজ্ঞদের (অফথালমোলজিস্ট) পাশাপাশি এই পেশার কর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সেমিনারে অপটোমেট্রি পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন চক্ষু হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ জন প্রতিনিধি এই সেমিনারে অংশ নেন।
আপনার মতামত লিখুন