পঞ্চগড়ে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুত রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘সার সরবরাহ ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। কেউ যদি অবৈধভাবে সার মজুত করে বাজারে সংকট তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, সারের সুব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার শরিফ হোসেন।
সভায় পঞ্চগড়ের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এবং জেলার ১৬০ জন নিবন্ধিত সার ডিলার উপস্থিত ছিলেন। সভায় সারের বাজার স্থিতিশীল রাখতে ডিলারদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন