হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই বিদ্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর দেবপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গুলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মাসুম পারভেজ (৪৮) ও দপ্তরী শামীম আহমেদ। মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৈলং গ্রামের আজিজুর রহমানের ছেলে। শামীম আহমেদ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাসুম ও শামীম মোটরসাইকেল যোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে উত্তর দেবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মাসুম পারভেজের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শামীম আহমেদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
একই বিদ্যালয়ের দুই কর্মচারীর এমন আকস্মিক মৃত্যুতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
আপনার মতামত লিখুন