রংপুরের তারাগঞ্জে বিলে ফোটা পদ্মফুল এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর কৃষ্ণপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রাতে অভিযুক্ত যুবক শামিনুর ইসলামকে (২২) একমাত্র আসামি করে তারাগঞ্জ থানায় মামলা করেছেন শিশুটির মা। শামিনুর ওই গ্রামের শাহজামালের ছেলে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী যুবক শামিনুর তাকে বিল থেকে পদ্মফুল এনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ির পাশের হাতগোপার বিলের পাড়ে নিয়ে যায়। সেখানে একটি নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। রাতেই তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সংবাদকে বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
আপনার মতামত লিখুন