ফেনী শহরের চাড়িপুর এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে এক দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ওই নবজাতককে উদ্ধারের পর ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুরে একটি বাসার সামনের ঝোপ থেকে কান্নার শব্দ শুনতে পান এক নারী। কাছে গিয়ে তিনি একটি নবজাতককে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ম শাহারিয়া ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় এক নারী পথচারী শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছেন। বর্তমানে তাকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘কুইক রেসপন্স টিম’-এর সংগঠক জয় আবির জানান, তারা শিশুটির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রোকনুদ্দৌলা রোববার (৩০ আগস্ট) সকালে বলেন, ‘নবজাতকটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও সংবেদনশীল। শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে লোকালয় থেকে নবজাতক উদ্ধারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমানবিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারা দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন