পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামের এক অসহায় চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে নিজ দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। একসময় রিকশা চালিয়ে সংসার চালালেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থতার কারণে সে কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে সেই আয়েও অসুস্থতা আর অভাবের ভার সইতে পারছিলেন না তিনি।
নিহতের জামাতা আবীর হোসেন জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা-দোকানেই ঘুমান। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে ডাকতে যান। একপর্যায়ে দোকানের বেড়ার ফাঁক দিয়ে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। অসুস্থতা ও চরম অভাবের কারণে তার স্ত্রীকে মাঝেমধ্যে মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হতো। রশি হাতে তাকে গতকালও এলাকায় ঘুরতে দেখা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রাথমিক ধারণা, অভাব ও অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আপনার মতামত লিখুন