চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান ওই এলাকার হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. শফির ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে একটি বিয়ের বিষয় নিয়ে মোজাম্মেলের সঙ্গে আব্দুল মান্নানের চাচাতো ভাইয়ের বিরোধ সৃষ্টি হয়। সন্ধ্যায় স্থানীয় বাজারে মোজাম্মেল ওই ব্যক্তিকে খুনের হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হলেও মোজাম্মেল ক্ষুব্ধ ছিলেন।
পরিবারের অভিযোগ, রাত আটটার দিকে আব্দুল মান্নান এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে অন্ধকারের সুযোগ নিয়ে মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আব্দুল মান্নানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোজাম্মেল পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মুন্না এই হত্যাকাণ্ডের বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের স্বজন মো. জাবের বলেন, ‘সম্পূর্ণ তুচ্ছ একটি বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা অবিলম্বে ঘাতকের ফাঁসি চাই।’
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন