চুয়াডাঙ্গার সদর উপজেলায় নির্জন সড়কে অস্ত্রের মুখে এক মোটরসাইকেল চালককে জিম্মি করে সবকিছু ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীরা ওই চালকের হাত-পা ও মুখ বেঁধে ধানখেতের পাশে একটি গাছের সঙ্গে আটকে রেখে পালিয়ে যায়। রোববার (৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ী সড়কের জোড়াদহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ময়েজ আলী (৩০) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি শৈলগাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন এবং আলমডাঙ্গার একটি জুতার দোকানে কাজ করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শৈলগাড়ীর উদ্দেশ্যে রওনা হন ময়েজ আলী। রাত নয়টার দিকে জোড়াদহ মাঠের নির্জন এলাকায় পৌঁছালে মুখোশধারী চারজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তাকে জিম্মি করে রাস্তার পাশের একটি বটগাছের নিচে নিয়ে যায় তারা। সেখানে তার হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল, একটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
লুটপাট শেষে ছিনতাইকারীরা ময়েজ আলীকে রাস্তা থেকে দূরে ধানখেতের পাশে একটি নিমগাছের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর তিনি নিজের বাঁধন খুলতে সক্ষম হন এবং দৌড়ে শৈলগাড়ী গ্রামে পৌঁছে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ছিনতাইয়ের শিকার ব্যক্তির সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন