অপ্রস্তুত বর্তমানের ভয়াল সৌন্দর্য
(পূর্ব প্রকাশের পর)
দুই.
চলচ্চিত্রে ভয়াবহতার নন্দনতত্ত্ব এক বিশেষ জটিলতা অর্জন করেছে, কারণ চলচ্চিত্র একই সঙ্গে দৃশ্য, শব্দ, সময় ও মানবদেহের উপস্থিতিকে সংগঠিত করে। আকিরা কুরোসাওয়ার ওশরৎঁ চলচ্চিত্রে মৃত্যুর সংবাদপ্রাপ্ত এক আমলার জীবন নতুন অর্থ লাভ করে। দীর্ঘদিন প্রশাসনিক যন্ত্রের নিষ্প্রাণ অংশ হয়ে থাকা মানুষটি নিজের আসন্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শিশুদের জন্য একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেন। এখানে কোনো যুদ্ধ নেই, মহামারি নেই, কিন্তু রয়েছে জীবনের অর্থহীন হয়ে যাওয়ার গভীর ভয়। মৃত্যুর অনিবার্যতা তাঁকে নিষ্ক্রিয় করে না; বরং প্রথমবারের মতো সত্যিকার অর্থে সক্রিয় করে তোলে। কুরোসাওয়া দেখান, মানুষ কখনো নিজের জীবনকে নতুনভাবে আবিষ্কার করে ঠিক তখনই, যখন জীবনের অবশিষ্ট সময় সম্পর্কে তার সমস্ত নিশ্চয়তা ভেঙে পড়ে।
আন্দ্রেই তারকোভস্কির Stalker চলচ্চিত্রে বিপজ্জনক ও রহস্যময় ‘জোন’-এর মধ্য দিয়ে মানুষের যাত্রা আরেক ধরনের অস্তিত্বগত অপ্রস্তুতিকে প্রকাশ করে। এই যাত্রার কেন্দ্রে আছে মানুষের গভীরতম আকাঙ্ক্ষা সম্পর্কে তার নিজের অজ্ঞতা। মানুষ যে জিনিসটি চায় বলে মনে করে, সত্যিই কি সে সেটিই চায়? নিজের অন্তর্গত সত্যের মুখোমুখি হওয়ার সাহস কি তার আছে? তারকোভস্কির দীর্ঘ দৃশ্য, নিস্তব্ধতা, জল, ধ্বংসাবশেষ ও পরিত্যক্ত শিল্পস্থাপনা এক অস্বস্তিকর সৌন্দর্য নির্মাণ করে। এখানে ভয় কোনো দৃশ্যমান দানবের উপস্থিতি নয়; ভয় হলো নিজের আত্মপরিচয়ের অনিশ্চয়তা। বিপর্যস্ত পরিবেশের মধ্যেও যে অদ্ভুত সৌন্দর্য অনুভূত হয়, তা মানুষকে নিশ্চিন্ত করে না; বরং আরও গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
ভয়াবহতার এই নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা বিজ্ঞানকল্পনাভিত্তিক চলচ্চিত্রে আরও এক অস্বস্তিকর মাত্রা অর্জন করে, যেখানে মানুষের প্রতিপক্ষ শুধু দৃশ্যমান কোনো শত্রু নয়; বরং অজ্ঞাত মহাজাগতিক প্রাণ, পরিবর্তনশীল জৈবিক অস্তিত্ব, প্রযুক্তির অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং বাস্তবতার নিজস্ব অনিশ্চয়তা। আধুনিক সভ্যতা মানুষকে যে আত্মবিশ্বাস দিয়েছে— প্রকৃতিকে জানা সম্ভব, প্রযুক্তির সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যুক্তিবুদ্ধির মাধ্যমে বিপদকে পূর্বানুমান করা সম্ভব— এসব ধারণা হঠাৎ বিপর্যস্ত হয়ে পড়ে যখন মানুষ এমন এক বাস্তবতার সম্মুখীন হয়, যার জন্য তার অর্জিত জ্ঞানের ভাণ্ডারে কোনো প্রস্তুত ব্যাখ্যা নেই। এই অপ্রস্তুত অবস্থাই বিজ্ঞানকল্পনাভিত্তিক ভয়াবহতার প্রধান দার্শনিক উপাদান। এখানে ভয়ের জন্ম শুধু মৃত্যুর আশঙ্কায় নয়, বরং মানুষের পরিচিত জগৎ সম্পর্কে তার বিশ্বাসের আকস্মিক পতনে। মানুষ আবিষ্কার করে, মহাবিশ্বের কেন্দ্রে তার অবস্থান নিশ্চিত নয়; এমনকি নিজের শরীর, স্মৃতি, পরিচয় এবং চেতনাও সম্পূর্ণ নির্ভরযোগ্য আশ্রয় নয়।
রিডলি স্কটের ‘এলিয়েন’ (১৯৭৯) চলচ্চিত্রে মহাকাশযান নস্ট্রোমোর কর্মীরা একটি রহস্যময় সংকেত অনুসরণ করে অজানা গ্রহে অবতরণ করেন এবং এমন এক পরজীবী প্রাণীর মুখোমুখি হন, যার জীবনচক্র মানুষের শরীরকে ব্যবহার করে। মহাকাশযানের বদ্ধ করিডর, যান্ত্রিক শব্দ, অন্ধকার প্রকোষ্ঠ এবং পালানোর সীমিত সম্ভাবনা এক অসহনীয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। কিন্তু চলচ্চিত্রটির গভীর তাৎপর্য কেবল ভিনগ্রহের প্রাণির হিংস্রতায় সীমাবদ্ধ নয়। মানুষের শরীর এখানে আর তার নিজের নিরাপদ আবাস নয়; অন্য এক প্রাণের বিকাশের উপকরণ। জুলিয়া ক্রিস্তেভার Abjection ধারণার আলোকে এই অভিজ্ঞতাকে পাঠ করলে বোঝা যায়, শরীরের অভ্যন্তর ও বহির্জগতের সীমারেখা ভেঙে পড়ার মধ্যেই এক বিশেষ অস্তিত্বগত বিতৃষ্ণা ও আতঙ্কের জন্ম হয়। অথচ এই ভয়াবহতার মধ্যেই এলেন রিপলি নিজের বুদ্ধি, সতর্কতা ও অসামান্য মনোবলের সাহায্যে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান। তাঁর প্রতিরোধ প্রমাণ করে, মানুষের শ্রেষ্ঠ শক্তি সব সময় শারীরিক ক্ষমতায় নয়; বিপদের প্রকৃতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যে। চলচ্চিত্রটি আরও দেখায়, প্রাতিষ্ঠানিক মুনাফার স্বার্থ যখন মানব জীবনের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন বিপদের উৎস শুধু বহির্জাগতিক প্রাণি থাকে না; মানুষের নিজের নির্মিত ক্ষমতাকাঠামোও তার অস্তিত্বের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়।
জন কার্পেন্টারের ‘দ্য থিং’ (১৯৮২) চলচ্চিত্রে অ্যান্টার্কটিকার বরফাবৃত গবেষণাকেন্দ্রে এই আতঙ্ক আরও গভীর মনস্তাত্ত্বিক সংকটে রূপ নেয়। সেখানে আবিষ্কৃত ভিনগ্রহের প্রাণি যেকোনো জীবন্ত সত্তার রূপ অনুকরণ করতে সক্ষম। ফলে মানুষের সবচেয়ে পরিচিত আশ্রয়— অন্য মানুষের মুখ— হয়ে ওঠে সন্দেহের উৎস। কে প্রকৃত মানুষ, কে ছদ্মবেশী প্রাণি, কে বিশ্বাসযোগ্য— এই অনিশ্চয়তা ক্রমশ সমস্ত সামাজিক সম্পর্ককে বিপর্যস্ত করে। এখানে দানবের ভয়াবহতার চেয়েও অধিক ভয়ংকর হয়ে ওঠে পারস্পরিক অবিশ্বাস। থমাস হবসের রাষ্ট্রদর্শনে বর্ণিত নিরাপত্তাহীন প্রাকৃতিক অবস্থার কথা স্মরণ করা যেতে পারে, যেখানে পারস্পরিক আস্থার অনুপস্থিতি মানুষকে মানুষের প্রতিপক্ষে পরিণত করে। ‘দ্য থিং’ যেন সেই রাজনৈতিক আশঙ্কার এক জৈবিক ও মনস্তাত্ত্বিক রূপক। মানুষ যখন অন্য মানুষকে বিশ্বাস করতে পারে না, তখন সভ্যতার সমস্ত সামাজিক চুক্তি মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। চলচ্চিত্রটির অনিশ্চিত সমাপ্তিও তাৎপর্যপূর্ণ; এখানে প্রতিরোধের অর্থ নিশ্চিত বিজয় নয়, বরং সমস্ত সংশয়ের মধ্যেও বিপদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ। এই অভিজ্ঞতা আমাদের বর্তমান সময়ের এক গভীর সংকটের কথাও মনে করিয়ে দেয়— তথ্যের প্রাচুর্য সত্ত্বেও সত্য সম্পর্কে অনিশ্চয়তা এবং মানুষের মুখোমুখি দাঁড়িয়েও মানুষকে চিনতে না পারার অসহায়তা।
ডেভিড ক্রোনেনবার্গের ‘দ্য ফ্লাই’ (১৯৮৬) চলচ্চিত্রে ভয়াবহতা আরও অন্তরঙ্গ হয়ে ওঠে। বিজ্ঞানী সেথ ব্রান্ডল নিজের উদ্ভাবিত টেলিপোর্টেশন যন্ত্র পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনাক্রমে একটি মাছির জৈবিক উপাদানের সঙ্গে মিশে যান এবং ধীরে ধীরে এক ভয়ংকর শারীরিক রূপান্তরের শিকার হন। এখানে কোনো বহিরাগত দানব মানুষকে আক্রমণ করছে না; মানুষ নিজেই ক্রমশ অপরিচিত প্রাণিতে পরিণত হচ্ছে। ক্রোনেনবার্গের ‘বডি হরর’ নন্দনতত্ত্বে শরীরের বিকৃতি কেবল দৃশ্যগত আতঙ্ক নয়, বরং আত্মপরিচয়ের গভীর সংকট। আমরা যে শরীরকে নিজের অস্তিত্বের স্থায়ী ভিত্তি মনে করি, সেটিই যদি পরিবর্তিত হয়ে আমাদের অচেনা করে তোলে, তবে ব্যক্তিসত্তার প্রকৃত অবস্থান কোথায়? স্মৃতিতে, চেতনায়, শরীরে, নাকি ভালোবাসার সম্পর্কের মধ্যে? ব্রান্ডলের প্রেমিকা ভেরোনিকার উপস্থিতি চলচ্চিত্রটিকে নিছক বিকৃতির গল্প থেকে এক করুণ মানবিক আখ্যানে উন্নীত করে। বিজ্ঞানীর শরীর যত অপরিচিত হয়ে ওঠে, তাঁর মানবিক সত্তার অবশেষকে ঘিরে ভালোবাসা ও করুণার প্রশ্ন তত গভীর হয়। এখানে প্রযুক্তির অগ্রগতি আর মানবিক মুক্তি সমার্থক নয়; বরং সীমাহীন বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে নৈতিক সংযমের সম্পর্ক নতুনভাবে বিচার করার প্রয়োজন দেখা দেয়।
জেমস ওয়ার্ড বার্কিটের ‘কোহিয়ারেন্স’ (২০১৩) চলচ্চিত্রে ভয়ের উৎস আরও বিমূর্ত। একটি ধূমকেতুর অস্বাভাবিক উপস্থিতির রাতে কয়েকজন বন্ধুর নৈশভোজের আসরে বাস্তবতার একাধিক সম্ভাব্য সংস্করণ পরস্পরের সঙ্গে জড়িয়ে যেতে থাকে। একই মানুষ, একই সম্পর্ক, একই স্মৃতি— অথচ তাদের ভিন্ন ভিন্ন সম্ভাব্য পরিণতি। এই চলচ্চিত্রে মহাজাগতিক অনিশ্চয়তা মানুষের ব্যক্তিগত পরিচয় ও সিদ্ধান্তের নৈতিক সংকটে রূপান্তরিত হয়। আমরা যে জীবন যাপন করছি, তা কি আমাদের একমাত্র সম্ভাব্য জীবন? অন্য কোনো পরিস্থিতিতে আমরা কি অন্য মানুষ হয়ে উঠতাম? এবং নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কত দূর যেতে প্রস্তুত? চলচ্চিত্রটি বাস্তবতার বহুত্বকে কেবল বৈজ্ঞানিক কল্পনার বিষয় হিসেবে নয়, মানুষের নৈতিক আত্মপরিচয়ের পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। এর ভয়াবহতা কোনো রক্তাক্ত দৃশ্যে নয়; বরং এই উপলব্ধিতে যে মানুষ কখনো কখনো নিজের বিকল্প সত্তার কাছেও নিরাপদ নয়। অপ্রস্তুত বর্তমান এখানে এমন একসময়, যেখানে পরিচিত বাস্তবতার ধারাবাহিকতা ভেঙে যায়, অথচ মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়।
অ্যালেক্স গারল্যান্ডের ‘অ্যানাইহিলেশন’ (২০১৮) চলচ্চিত্রে এই অনিশ্চয়তা এক বিস্ময়কর দৃশ্যগত সৌন্দর্য অর্জন করে। ‘দ্য শিমার’ নামের রহস্যময় অঞ্চলে প্রবেশ করে একদল নারী অনুসন্ধানকারী আবিষ্কার করেন, সেখানে জীবজগতের স্বাভাবিক জৈবিক বিন্যাস পরিবর্তিত হচ্ছে। উদ্ভিদ, প্রাণি, মানুষের শরীর এবং পরিবেশ পরস্পরের বৈশিষ্ট্য ধারণ করছে। অঞ্চলটি একই সঙ্গে মোহনীয় ও আতঙ্কজনক। অস্বাভাবিক ফুল, রঙিন উদ্ভিদ, পরিবর্তিত প্রাণি ও রহস্যময় প্রাকৃতিক বিন্যাস এমন এক নান্দনিক জগৎ নির্মাণ করে, যেখানে সৌন্দর্য এবং বিপদকে আর পৃথক করা যায় না। চলচ্চিত্রটির কেন্দ্রীয় প্রশ্ন শুধু মানুষ কীভাবে বেঁচে থাকবে, তা নয়; মানুষ বলতে আমরা যে স্থির পরিচয় বুঝি, পরিবর্তনশীল জীবজগতের মধ্যে তার অবস্থানই-বা কোথায়? এখানে পোস্টহিউম্যান চিন্তার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা উন্মোচিত হয়— মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো সার্বভৌম সত্তা নয়, বরং পরিবর্তনশীল জৈবিক সম্পর্কের অংশ। কিন্তু এই উপলব্ধি মুক্তির সহজ প্রতিশ্রুতি দেয় না; কারণ পরিবর্তন কখনো সৃজনশীল, কখনো ধ্বংসাত্মক, কখনো একই সঙ্গে উভয়ই। চলচ্চিত্রটির নন্দনতাত্ত্বিক অভিনবত্ব এখানেই যে এটি সৌন্দর্যকে নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহার করে না; বরং সৌন্দর্যের মধ্যেই অজ্ঞাত বিপদের সম্ভাবনাকে দৃশ্যমান করে।
এই পাঁচটি চলচ্চিত্রকে পাশাপাশি রাখলে ভয়াবহতার একটি তাৎপর্যপূর্ণ বিবর্তনরেখা আবিষ্কার করা যায়। ‘এলিয়েন’-এ মানুষ ভীত হয় বহিরাগত প্রাণির আক্রমণে; ‘দ্য থিং’- এ অন্য মানুষের পরিচয় সম্পর্কে অবিশ্বাসে; ‘দ্য ফ্লাই’-এ নিজের শরীরের অনিয়ন্ত্রিত রূপান্তরে; ‘কোহিয়ারেন্স’-এ বাস্তবতার এককত্ব ভেঙে পড়ায়; আর ‘অ্যানাইহিলেশন’-এ মানুষ ও প্রকৃতির পরিচিত সীমারেখা বিলুপ্ত হওয়ার সম্ভাবনায়। অর্থাৎ ভয়ের কেন্দ্র ক্রমশ বাইরের জগৎ থেকে মানুষের নিজের অস্তিত্বের গভীরে সরে আসে। এই রূপান্তর সমকালীন ডিস্টোপীয় সময়চেতনার একটি মৌলিক বৈশিষ্ট্য। ডিস্টোপিয়া কেবল ভবিষ্যতের কোনো অমানবিক রাষ্ট্র কিংবা বিধ্বস্ত নগরীর কল্পচিত্র নয়; এটি এমন এক বর্তমানের মানসিক অবস্থা, যেখানে মানুষ উপলব্ধি করে, তার পরিচিত নিরাপত্তাব্যবস্থাগুলো আর সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। আমরা প্রযুক্তির সাহায্যে মহাকাশ অন্বেষণ করি, অথচ নিজের উদ্ভাবনের সম্ভাব্য বিপদ সম্পর্কে নিশ্চিত নই; জৈবিক রহস্য উন্মোচন করি, অথচ জীবনের জটিলতার পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই; অসংখ্য মানুষের সঙ্গে সংযুক্ত থাকি, অথচ পারস্পরিক বিশ্বাসের সংকট কাটিয়ে উঠতে পারি না।
সমকালীন পৃথিবীতে এই প্রশ্ন আরও জরুরি হয়ে উঠেছে। আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিপর্যয়ের সংবাদ আমাদের কাছে প্রায় তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়, অথচ সেই বিপর্যয়ের প্রতি নৈতিক সাড়া দেওয়ার ক্ষমতা একই অনুপাতে বৃদ্ধি পায় না। যুদ্ধের ধ্বংসস্তূপ, শরণার্থীর দীর্ঘ সারি, ডুবে যাওয়া জনপদ, দাবানলে পুড়ে যাওয়া বনভূমি কিংবা বিধ্বস্ত নগরীর ছবি আমাদের চোখের সামনে অবিরাম উপস্থিত হয়। এই দৃশ্যপ্রবাহের মধ্যে এক বিপজ্জনক অভ্যাস জন্ম নিতে পারে— ভয়াবহতাকে দেখা, কিন্তু তার সঙ্গে কোনো দায়িত্বপূর্ণ সম্পর্ক স্থাপন না করা। সুসান সন্টাগ তাঁর Regarding the Pain of Others গ্রন্থে অন্যের যন্ত্রণার ছবি দেখার নৈতিক জটিলতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা এখানে বিশেষ প্রাসঙ্গিক। দৃশ্যমান যন্ত্রণা সব সময় সহানুভূতি সৃষ্টি করে না; কখনো তা ক্লান্তি, উদাসীনতা কিংবা দূরবর্তী দুর্ভোগ সম্পর্কে এক ধরনের মিথ্যা আত্মতৃপ্তিও তৈরি করতে পারে। ফলে ভয়াল সৌন্দর্যের নন্দনতত্ত্বকে দৃশ্যের আকর্ষণ থেকে পৃথক করে দেখতে হয়। কোনো ধ্বংসস্তূপের ছবি শিল্পগতভাবে অসাধারণ হতে পারে, কিন্তু তার নৈতিক তাৎপর্য নির্ভর করে সেই ছবি মানুষকে কীভাবে ভাবতে, স্মরণ করতে এবং প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করছে তার ওপর।
এইখানেই সমকালীন দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা আমাদের সামনে আসে— ভঙ্গুরতা বা ভালনারেবিলিটি। জুডিথ বাটলারের চিন্তায় মানবজীবনের বিপন্নতা কেবল ব্যক্তিগত দুর্বলতা নয়; এটি আমাদের পারস্পরিক নির্ভরতারও পরিচয়। কোনো মানুষ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নয়। তার বেঁচে থাকা নির্ভর করে অন্য মানুষের শ্রম, যত্ন, সামাজিক প্রতিষ্ঠান এবং বস্তুগত পরিবেশের ওপর। বিপর্যয় এই নির্ভরতার সত্যকে নির্মমভাবে উন্মুক্ত করে। যে ব্যক্তি গতকাল নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছিল, আজ সে হয়তো অপরিচিত কারও সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারছে না। কিন্তু এই নির্ভরতা কি মর্যাদাহানিকর? বরং মানুষের মর্যাদার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিই কি নয় অন্যের প্রতি দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনে অন্যের সাহায্য গ্রহণের সক্ষমতা? এই প্রশ্ন ভয়াবহতার নন্দনতত্ত্বকে প্রচলিত বীরপূজার সীমা অতিক্রম করতে সাহায্য করে।
কারণ সাহিত্যের অকুতোভয় মানুষটি সব সময় তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকে না। কখনো সে একজন চিকিৎসক, যে সংক্রমণের ঝুঁকি নিয়ে রোগীর পাশে যায়; কখনো একজন মা, যে অনাহারের মধ্যেও সন্তানের জন্য খাবার সংগ্রহ করে; কখনো একজন শিক্ষক, যে বিধ্বস্ত বিদ্যালয়ের উঠোনে আবার পাঠদান শুরু করে; কখনো একজন সাংবাদিক, যে নিষেধাজ্ঞা অমান্য করে সত্য প্রকাশ করে; কখনো একজন অজ্ঞাত উদ্ধারকর্মী, যে নিজের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই ধ্বংসস্তূপে প্রবেশ করে। এসব মানুষের জীবনে ভয়ের অনুপস্থিতি নেই। বরং ভয়কে স্বীকার করেও কর্তব্য থেকে সরে না যাওয়ার মধ্যেই তাদের সাহসের প্রকৃত পরিচয়। অ্যারিস্টটলের নৈতিক দর্শনে সাহসকে বেপরোয়া দুঃসাহস ও কাপুরুষতার মধ্যবর্তী এক গুণ হিসেবে বিবেচনা করার যে তাৎপর্য, তা আজও অম্লান। অকুতোভয়তা মানে বিপদ সম্পর্কে অজ্ঞতা নয়; বিপদের যথার্থ উপলব্ধি সত্ত্বেও ন্যায়সংগত কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত।
তবে এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ নৈতিক সতর্কতা অপরিহার্য। ভয়াবহতার মধ্যে সৌন্দর্য অনুসন্ধান করতে গিয়ে আমরা যেন ভয়াবহতাকেই সুন্দর বলে ঘোষণা না করি। যুদ্ধ সুন্দর নয়, দুর্ভিক্ষ সুন্দর নয়, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতিও সুন্দর নয়। সৌন্দর্য নিহিত থাকতে পারে এসবের বিরুদ্ধে মানুষের প্রতিরোধে, যন্ত্রণার সত্যনিষ্ঠ শিল্পরূপে, অথবা চরম অমানবিক পরিস্থিতিতেও মানবিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার প্রচেষ্টায়। ভুক্তভোগীর কষ্টকে শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করার মধ্যে যে নৈতিক ঝুঁকি রয়েছে, তাকে উপেক্ষা করলে নন্দনতত্ত্ব সহজেই নিষ্ঠুর দর্শকসুলভ আনন্দে পর্যবসিত হতে পারে। শিল্পের কাজ বিপর্যয়কে আকর্ষণীয় প্রদর্শনীতে রূপান্তরিত করা নয়; বরং তার দৃশ্যমান ও অদৃশ্য অভিঘাতকে এমনভাবে প্রকাশ করা, যাতে মানুষের অভিজ্ঞতা কোনো বিমূর্ত পরিসংখ্যানে হারিয়ে না যায়।
কিন্তু এখানেই কি মানুষের অভিযাত্রা শেষ হয়ে যায়? ডিস্টোপিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রলোভন হলো, এটি কখনো কখনো আমাদের বিশ্বাস করাতে চায় যে ভবিষ্যৎ ইতোমধ্যে পরাজিত, প্রতিরোধ অর্থহীন এবং মানবিক সম্ভাবনার সমস্ত পথ রুদ্ধ। অথচ সাহিত্যের ইতিহাস এই সিদ্ধান্তকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। অক্টাভিয়া বাটলারের Parable of the Sower উপন্যাসে জলবায়ু সংকট, সামাজিক সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত এক সমাজের মধ্যে লরেন ওলামিনা নতুন সম্প্রদায় ও বিশ্বাসের সম্ভাবনা নির্মাণের চেষ্টা করেন। তাঁর সংগ্রাম কোনো হারানো স্বর্ণযুগে প্রত্যাবর্তনের জন্য নয়; বরং পরিবর্তনশীল পৃথিবীতে নতুনভাবে একসঙ্গে বেঁচে থাকার পথ আবিষ্কারের জন্য। এমিলি সেন্ট জন ম্যান্ডেলের ‘স্টেশন ইলেভেন’ উপন্যাসে মহামারি— পরবর্তী পৃথিবীতে ভ্রাম্যমাণ শিল্পীদল সংগীত ও নাটকের মাধ্যমে মানবিক সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে। সেখানে বেঁচে থাকা কেবল শ্বাসপ্রশ্বাসের ধারাবাহিকতা নয়; শিল্প, স্মৃতি, সম্পর্ক এবং অর্থপূর্ণ জীবনের পুনর্নির্মাণও। এই দুই রচনা আমাদের মনে করিয়ে দেয়, বিপর্যয়ের পরে মানুষ শুধু খাদ্য ও আশ্রয় খোঁজে না, খোঁজে গল্প, গান, মঞ্চ এবং অন্য মানুষের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক।
এখানেই আর্নস্ট ব্লখের The Principle of Hope গ্রন্থে আলোচিত আশার দর্শন নতুন তাৎপর্য অর্জন করে। আশা তাঁর চিন্তায় নিছক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী আবেগ নয়; মানুষের বর্তমান বাস্তবতার মধ্যে এখনো অনাবিষ্কৃত সম্ভাবনাকে উপলব্ধি করার এক সক্রিয় চেতনা। যে পৃথিবী এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি, তার ভেতরেই ভবিষ্যতের অন্য সম্ভাবনা সুপ্ত থাকে। বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষ যখন নতুন সামাজিক সম্পর্ক, নতুন নৈতিক অঙ্গীকার কিংবা নতুন জীবনব্যবস্থার স্বপ্ন দেখে, তখন সে বাস্তবতা অস্বীকার করে না; বরং বাস্তবতার অসম্পূর্ণতাকে স্বীকার করেই তাকে পরিবর্তন করতে চায়। এই আশার সঙ্গে অন্ধ আত্মবিশ্বাসের মৌলিক পার্থক্য রয়েছে। অন্ধ আত্মবিশ্বাস বিপদের গভীরতা উপেক্ষা করে; সক্রিয় আশা বিপদের সমস্ত বাস্তবতা উপলব্ধি করেও পরিবর্তনের সম্ভাবনা পরিত্যাগ করে না।
ভিক্টর ফ্রাঙ্কলের Man's Search for Meaning গ্রন্থে নাৎসি বন্দিশিবিরের অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের অর্থ অনুসন্ধানের যে বেদনাময় দার্শনিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, তা এই আলোচনায় বিশেষ প্রাসঙ্গিক। চরম দুর্দশার মধ্যে মানুষ সর্বদা নিজের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু কিছু পরিস্থিতিতে সেই অভিজ্ঞতার প্রতি নিজের অবস্থান নির্ধারণের একটি সীমিত অথচ গুরুত্বপূর্ণ স্বাধীনতা বজায় রাখতে পারে। অবশ্য এই উপলব্ধিকে এমন কোনো সরল নৈতিক সূত্রে পরিণত করা চলে না, যেখানে বেঁচে থাকা বা না-থাকার সমস্ত দায় ভুক্তভোগীর মানসিক শক্তির ওপর চাপিয়ে দেওয়া হয়। বরং এর গভীর তাৎপর্য হলো, মানুষের জীবনকে কেবল তার ওপর সংঘটিত সহিংসতা দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না। মানুষ যন্ত্রণার শিকার হয়, কিন্তু সে শুধু যন্ত্রণার পরিচয়েই সীমাবদ্ধ নয়; তার রয়েছে স্মৃতি, ভালোবাসা, কল্পনা, নৈতিক নির্বাচন এবং ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষা।
এই প্রেক্ষাপটে জীবনের জয়গান কোনো সরল বিজয়সংগীত নয়। ভয়ের বিরুদ্ধে মানুষের জয় সব সময় বিপদ নির্মূল করার মধ্যে নিহিত থাকে না; কখনো তা ভয়কে নিজের সমস্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রক হতে না দেওয়ার মধ্যেই অর্জিত হয়। রিপলি যখন মহাকাশযানের অন্ধকারে প্রতিরোধ গড়ে তোলেন, তখন তাঁর সংগ্রাম বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার; কামুর রিয়ু যখন রোগীর পাশে দাঁড়ান, তখন তাঁর সংগ্রাম মানবিক দায়িত্বের; সান্তিয়াগো যখন পরাজয়ের মধ্যেও নিজের মর্যাদা অক্ষুণ্ন রাখেন, তখন তাঁর সংগ্রাম আত্মসম্মানের; আর বিপর্যস্ত পৃথিবীতে শিল্পীরা যখন আবার গান করেন, নাটক মঞ্চস্থ করেন কিংবা কবিতা লেখেন, তখন তাঁদের সংগ্রাম মানবিক কল্পনাশক্তিকে বিলুপ্ত হতে না দেওয়ার। এই সব অভিজ্ঞতার অন্তর্গত ঐক্য কোনো অভিন্ন বীরত্বের আদর্শে নয়, বরং জীবনের প্রতি এক গভীর আনুগত্যে।
এ কারণেই ভয়াল সৌন্দর্যকে কেবল মহিমান্বিতের প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখা যায় না। প্রকৃতির বিপুল শক্তির সামনে মানুষের ক্ষুদ্রতা অনুভব করা এক ধরনের অভিজ্ঞতা; কিন্তু মানুষেরই নির্মিত অবিচার, যুদ্ধ ও ধ্বংসের সামনে দাঁড়িয়ে নৈতিক দায়িত্ব গ্রহণ করা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। প্রথমটি আমাদের বিস্মিত করে, দ্বিতীয়টি আমাদের জবাবদিহির মুখোমুখি দাঁড় করায়। এই দুইয়ের সংযোগস্থলেই অপ্রস্তুত বর্তমান তার সবচেয়ে জটিল শিল্পরূপ লাভ করে। আমরা আবিষ্কার করি, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মানুষের ক্ষমতা যত বৃদ্ধি পেয়েছে, তার নিজের তৈরি বিপর্যয়ের সম্ভাবনাও তত বিস্তৃত হয়েছে। প্রযুক্তি দূরত্ব কমিয়েছে, কিন্তু সহমর্মিতা স্বয়ংক্রিয়ভাবে বাড়ায়নি; জ্ঞান বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রজ্ঞা সব সময় তার সমান্তরালে অগ্রসর হয়নি; নিরাপত্তার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অথচ অনিশ্চয়তার অনুভূতি বিলুপ্ত হয়নি। সভ্যতার এই বৈপরীত্যের মধ্যে শিল্প আমাদের এমন এক সংবেদনশীলতা ফিরিয়ে দিতে পারে, যা কেবল তথ্য জানে না, তথ্যের অন্তর্গত মানবিক মূল্যও উপলব্ধি করে।
অবশেষে প্রশ্নটি এসে দাঁড়ায় মানুষের ভবিষ্যৎ সম্পর্কে। আমরা কি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখতে পারি, যেখানে বিপর্যয় সম্পূর্ণ অনুপস্থিত? সম্ভবত না। প্রকৃতি পরিবর্তিত হবে, ইতিহাসে সংঘাত থাকবে, মানুষের জীবন অনিশ্চয়তার মধ্য দিয়েই অগ্রসর হবে। কিন্তু আমরা এমন একটি পৃথিবীর জন্য সংগ্রাম করতে পারি, যেখানে বিপর্যয়ের অভিঘাত অন্যায়ভাবে কেবল দুর্বল মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে না; যেখানে ভুক্তভোগীর কণ্ঠস্বর শোনা হবে; যেখানে স্মৃতি সংরক্ষিত থাকবে এবং পুনর্গঠনের অধিকার সবার জন্য স্বীকৃত হবে। শিল্প এই পৃথিবী নির্মাণের বিকল্প নয়, কিন্তু তার কল্পনাশক্তি ও নৈতিক প্রস্তুতির একটি অপরিহার্য উৎস। সাহিত্য আমাদের অপরের জীবনে প্রবেশের ক্ষমতা দেয়, চিত্রকলা দৃশ্যমান করে ইতিহাসের গোপন ক্ষত, সংগীত ভাঙা কণ্ঠগুলোকে সম্মিলিত উচ্চারণে রূপান্তরিত করে, নাটক আমাদের সিদ্ধান্তের দ্বন্দ্ব দেখায় এবং চলচ্চিত্র সময়ের প্রবাহে মানুষের বিপন্ন উপস্থিতিকে স্থায়ী সাক্ষ্যে পরিণত করে।
একটি বিধ্বস্ত শহরের কথা ভাবা যাক। যুদ্ধ থেমেছে, কিন্তু ধ্বংসস্তূপ সরানো শেষ হয়নি। রাস্তার পাশে ভাঙা জানালা, পোড়া দেয়াল, ছিন্ন বৈদ্যুতিক তার। কোথাও একজন বৃদ্ধ নিজের হারিয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। কিছু দূরে একটি শিশু ধুলোভরা মাটিতে চক দিয়ে একটি ঘর আঁকছে—তার পাশে একটি গাছ, একটি দরজা, দুটি জানালা। শিশুটি হয়তো জানে না স্থাপত্য কী, রাষ্ট্রনীতি কী, যুদ্ধের ইতিহাসই-বা কত দীর্ঘ। কিন্তু সে জানে, একটি ঘরের দরকার আছে; ঘরের পাশে একটি গাছ থাকলে ভালো হয়। এই সামান্য আঁকাটির মধ্যে কোনো অলৌকিক বিজয়ের ঘোষণা নেই। ধ্বংসও তাতে মুছে যায় না। তবু শিশুটির হাতের রেখা একটি অসমাপ্ত ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করে। এখানেই ভয়াল সৌন্দর্যের সবচেয়ে গভীর তাৎপর্য— ধ্বংসের দৃশ্যের মধ্যে নয়, ধ্বংসের পরেও নতুন কিছু কল্পনা করার মানবিক সামর্থ্যে।
অপ্রস্তুত বর্তমান আমাদের সামনে যে কঠিন সত্য উন্মোচন করে, তা হলো মানুষ কখনোই সম্পূর্ণ প্রস্তুত হয়ে ইতিহাসের মুখোমুখি দাঁড়ায় না। তার জ্ঞান অসম্পূর্ণ, শক্তি সীমিত, সিদ্ধান্ত অনিশ্চিত। তবু এই অসম্পূর্ণ মানুষই বিপর্যয়ের মধ্যে আশ্রয় নির্মাণ করে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, আহতকে বহন করে, অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, মৃতের নাম উচ্চারণ করে এবং পরবর্তী প্রজন্মের জন্য জীবনের সম্ভাবনাকে অক্ষুণ্ন রাখতে চায়। এই প্রচেষ্টায় কোনো নিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতি নেই। আছে কেবল মানুষের প্রতি মানুষের দায়িত্বের এক অনিঃশেষ অঙ্গীকার। সম্ভবত সৌন্দর্যের সবচেয়ে কঠিন, সবচেয়ে পরিণত সংজ্ঞাটি এখানেই নিহিত— যখন পৃথিবী তার পরিচিত রূপ হারিয়ে ফেলে, তখনও মানুষ পৃথিবীকে বাসযোগ্য করে তোলার কাজ পরিত্যাগ করে না।
একদিন হয়তো মহাকাশের অন্ধকার আরও গভীর হবে, পৃথিবীর পরিচিত মানচিত্র বদলে যাবে, প্রযুক্তি মানুষের আত্মপরিচয়কে নতুন প্রশ্নের সামনে দাঁড় করাবে, কিংবা ইতিহাস আবার এমন কোনো বিপর্যয় নিয়ে উপস্থিত হবে, যার জন্য আমাদের কোনো পূর্বপ্রস্তুতি থাকবে না। কিন্তু যতদিন মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আহত অপরিচিতকে তুলে নেওয়ার জন্য হাত বাড়াবে, যতদিন অনাহারের মধ্যে কেউ অন্যের জন্য খাদ্য সংরক্ষণ করবে, যতদিন একটি শিশু বিধ্বস্ত দেয়ালে নতুন পৃথিবীর ছবি আঁকবে, যতদিন কোনো শিল্পী মৃত্যুর ছায়ার মধ্যেও জীবনের গান রচনা করবে— ততদিন ডিস্টোপিয়া মানুষের চূড়ান্ত নিয়তি হয়ে উঠতে পারবে না। কারণ ভয় মানুষের অস্তিত্বের একটি সত্য, কিন্তু একমাত্র সত্য নয়; মৃত্যুর সম্ভাবনা অনিবার্য, কিন্তু জীবনের অর্থ তার চেয়েও বিস্তৃত।
ভয়াবহতা আমাদের দেখায় পৃথিবী কত সহজে ভেঙে পড়তে পারে; আর সৌন্দর্য আমাদের জানায়, সেই ভাঙনের মধ্যেও মানুষ কেন আবার পৃথিবী নির্মাণ করতে চায়। অপ্রস্তুত বর্তমানের ভয়াল সৌন্দর্য তাই বিপর্যয়ের মহিমাকীর্তন নয়; এটি সেই মানুষের নন্দনভাষ্য, যে জানে পৃথিবী ভেঙে পড়তে পারে, তবু পৃথিবীকে ভালোবাসা থেকে বিরত হয় না। যে জানে অন্ধকার অনিবার্য হতে পারে, তবু আলোর সম্ভাবনাকে অস্বীকার করে না। আর যে সমস্ত সংশয়, আতঙ্ক ও অনিশ্চয়তাকে অতিক্রম করে আবার উচ্চারণ করে— জীবন এখনো অসমাপ্ত, মানুষের সম্ভাবনাও। ক্রমশ...

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন