বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে কুচকুচে কালো এক রাজকীয় ষাঁড়। তার তকতকে মসৃণ চামড়া থেকে কাচের মতো রোদ পিছলে পড়ছে চারপাশের ধুলোবালিতে। বাতাস যেন থেমে আছে তার মখমল মসৃণ গলকম্বলে। ভাদ্রের ভ্যাপসা গরম আর কটকটে রোদেও দশ-পনেরোজন মানুষ ষাঁড়টাকে ঘিরে দাঁড়িয়ে। কিন্তু ষাঁড়টার সেদিকে ভ্রুক্ষেপ নেই। চোখে এক প্রাচীন অভিজাত নীরবতা। সামনে পড়ে থাকা খড়বিচালির দিকে সে ফিরেও তাকাচ্ছে না, যেন ওসব সাধারণ খাবার তার জন্য নয়।
পনেরো-বিশ হাত দূর থেকে জয়নাল স্থির চোখে তাকিয়ে আছে ষাঁড়টার দিকে। লেজটা মৃদু দুললেই জয়নালের বুকের ভেতর এক অদ্ভুত বুদ্বুদ উঠছে, তারপর চিনচিনে একটা অনুভূতি ফেটে ছড়িয়ে যাচ্ছে সারা বুকে। তার ইচ্ছে করছে ষাঁড়টার নরম গলায় হাত বুলিয়ে, পিঠ চাপড়ে আদর করে দিতে। এদিকে জয়নালের সামনে কাঠের তক্তায় পড়ে আছে কেজিখানেক চুপসে যাওয়া মাংস আর চারখানা ছাগলের ঠ্যাং। যার ওপর মাছিগুলো অলস ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে। জয়নালের ওসবে মন নেই। সে বুঁদ হয়ে ষাঁড়ের নড়াচড়া দেখে, জাবরকাটা দেখে, মায়া মায়া চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাজারের সমস্ত শোরগোল মুুছে গিয়ে তার চোখে ভেসে থাকে শুধু একটা ষাঁড়।
সুগন্ধি জর্দাপানের গন্ধে জয়নালের ঘোর কাটে। রুস্তম ঢুকেছে বাজারে। রুস্তম কসাই। রক্ত ও ভুঁড়ির গন্ধমাখা বাজারে রুস্তমের পরনে সাবানের ফেনার মতো সাদা লুঙ্গি আর হাফহাতা শার্ট। গলায় লাল গামছা। যেন পৃথিবীর কোনো ময়লা কোনোদিন তাকে ছুঁতে পারেনি। নিজের অজান্তেই গায়ের আধময়লা গেঞ্জিটার দিকে তাকিয়ে জয়নাল বিড়বিড় করে, কেমনে কাপড় ধোয়? আর আমার বউরে দেখো, কাপড় ধুইতে দিলে ধুইছে কী ধোয় নাই বুঝাই যায় না! শালী!
হেঁটে আসতে আসতে রুস্তম কসাই জয়নালের ভাঙাচোরা ছোট্ট দোকানটার সামনে একমুহূর্ত দাঁড়ায়। পিছনে পানের কৌটা হাতে দোকানের ফাইফরমাশ খাটা ছেলেটার দিকে ইশারা করতেই সে কৌটা মেলে ধরে। রুস্তম ডাবল পান তুলে মুখে দিতে দিতে ছাগলের ঠ্যাংগুলোর দিকে তাকিয়ে বাতাসে ঠাট্টা ছিটায়, “কী রে মুরগি কসাই, গোশতে তো মাছি ছাইরা এবার পিঁপড়া ধরবো!”
পুরো বাজার পাহাড়ের মতো হেসে ওঠে। জয়নালও তার চিমসে গাল কিছুটা ফুলিয়ে মেলার বোকা পুতুলের মতো হাসে। হাসতে হয়।
চেয়ারম্যানের বাড়ির রান্নাঘর থেকে শুরু করে শহরের বড় বড় মানুষের থালা, সবখানে প্রতিদিন তিন-চারটে গরুর প্রাণ নিভে গিয়ে সুবাস ছড়ায় রুস্তমের কল্যাণে। এলাকার সবাই এক ডাকে রুস্তম কসাইকে চেনে। বাজারে আসা ভদ্রলোকেরাও রুস্তমের সাথে হেসে কথা কয়। নিজের সামনে ঝুলে থাকা চারটে ছাগলের ঠ্যাং আর মাংসের টুকরোগুলোর দিকে তাকিয়ে জয়নালের ঘেন্না লাগে। এতোখানি বেলা হলো, কাস্টমার নাই। আর ওদিকে ষাঁড় জবাই হওয়ার আগেই লাইন লেগে গেছে। জয়নাল গোল গোল চেখে ষাঁড়টার দিকে তাকায়। যেন কোনো মোহময়ী নারী। নিজের দৈন্যের কথা ভেবে তার কেমন লজ্জা লজ্জা লাগে। সেই লজ্জা ঢাকতেই ঝটপট ছাগলের ঠ্যাং আর মাংসটুকু ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটা দেয় জয়নাল।
আজকের সূর্যটা ভিজে একসা। রোদে ষাঁড়ের তেঁতুল বিচির মতো চকচকে চামড়ার ঝিলিক। মাথার মধ্যে ষাঁড়ের লেজের ঝাপটা সাঁই সাঁই ঘা মারে। জয়নালের সারা জীবনের স্বপ্ন ষাঁড়টার শরীরে আটকা পড়ে হাঁসফাঁস করতে থাকে। একসময়, তার হাতে চাপাতি ঘুরত বাতাসের আগে। রুস্তম তখন নস্যি! ওস্তাদ বলেছিল “তোর হাতে রক্ত কথা কয় রে জয়নাল।” অথচ ভাগ্যের কুটিল খেলায় আস্ত একটা গরু কেনার মতো মূলধনই কোনোদিন জমলো না হাতে! স্বপ্ন ছিল দাপুটে কসাই হওয়ার। কিন্তু হাটে গিয়ে গরু তো কোন ছাড়, একটা জুতসই তাগড়া খাসি কেনার মতো জোর নাই ট্যাঁকে। হাটেও তার তেমন আনাগোনা নাই। ব্যাপারীরা পাত্তা দেয় না। গ্রাম থেকে অল্প দামে রোগা-হাড়জিরজিরে ছাগল এনে কোনোমতে দিন গুজরান করতে হয়। তাতেই তার নাম হয়ে গেল মুরগির কসাই।
বাজার পেরিয়ে এসেও জয়নালের ঘোর কাটে না। প্রায় গায়ের ওপর গিয়ে পড়ে নজর আলীর। নজর আলী বলে, “কী ব্যাটা, এত হন্তদন্ত হয়া কই যাও?”
জয়নাল হড়বড় করে বলে, “আর বইলেন না, চাচা! আজ একখান দুম্বা গোছের খাসি কাটছি। গোশতই বিশ কেজির ওপরে, সাথে মাথা, ভুড়ি, ঠ্যাং। মানুষের ঠেলাঠেলিতে টিকতে না পাইরা কইছি, না আর বেচুম না। এইগুলা বাড়ির জন্যে। শালারা কি মানতে চায়! প্রায় পলায়ে আইসা পড়ছি।” নজর আলীর বিদ্রূপের হাসি পিঠের পিছনের বাতাস ফালা ফালা করে কাটতে থাকে।
বাড়িতে ঢুকে জয়নাল বউয়ের সামনে থলেটা ফেলে দেয়। “আজ বেশি কইরা মশলা দিয়া কষা করবা।”
বউয়ের দীপ্তিহীন চোখে কী যেন ঝিলিক দিয়েই মিলিয়ে যায়। জয়নাল অস্বস্তি ঢাকতে টিউবওয়েল টিপে হাতমুখ ধোয়, পানি খায়, কিন্তু বুকের ভেতরের জ্বলুনিটা কমে না।
দুপুরে খেতে বসে দুই মেয়ের পাতে মাংস তুলে দিতে দিতে জয়নাল গল্প বোনে, “জানিস আব্বা, আজ হাটে হাতির লাহান একটা খাসি পাইছিলাম। কাস্টমারে আমার জামা ছিঁড়া ফেলার জোগাড়...!”
মেয়েরা বড় বড় চোখে বাবার গল্প শোনে। বউয়ের দীর্ঘশ্বাসের হাওয়ায় অলীক গল্পের পাতা উল্টে যায়। জয়নাল মনে মনে হিসাব করে এই মাংসটুকু বেচলে কালকের পুঁজিটুকু অন্তত বাঁচত!
বিকেলে এক অলৌকিক টান জয়নালকে আবার হাটে টেনে নিয়ে যায়। মাইকে ভেসে আসছে গমগমে আওয়াজ— “ভাইসব! আগামীকাল রুস্তম ভাইয়ের দোকানে জবাই হইবে এক বিরাট ষাঁড়...”।
ষাঁড়ের গলায় এখন লালসাদা কাগজের মালা। তাতে ষাঁড়টাকে আরো সম্ভ্রান্ত মনে হয় জয়নালের। ষাঁড়টা জয়নালের দিকে এক অদ্ভুত চেনা চোখে তাকায়।
রাতে জয়নালের ঘুম আসে না। একপর পর এক বিড়ির ধোঁয়া ঘরের বাঁশের খুঁটি পেঁচিয়ে ধরে। বিছানায় শুয়ে সে অনুভব করে তার বুকের ওপর একজোড়া ধারালো শিং ক্রমাগত গুঁতো মেরে চলেছে। সে হাত বাড়ায়। ষাঁড়ের নরম গলায় হাত বুলিয়ে দেয়, লেজ মুচড়ে আদর করতে থাকে। এক অপার্থিব অন্ধকারে ষাঁড়টির মখমলের মতো নরম গলকম্বলে আলতো করে মুখ ঘষে জয়নাল। ষাঁড়টা নিচু হয়ে তাকে পিঠে তুলে নেয়।
মুহূর্তের মধ্যে ষাঁড়ের দু’পাশে দুটো ডানা গজিয়ে ওঠে। হাওয়ার বুক চিরে, কসাইখানার ধুলোমলিন পরিবেশ ফেলে বোরাকের মতো মহাজাগতিক এক সফরে ষাঁড়টা জয়নালকে পিঠে নিয়ে উড়াল দেয়। মেঘের ভিড়ে জয়নাল হাওয়ায় হাত ছড়িয়ে উড়তে উড়তে ঠা ঠা হাসে। তার ধবধবে সাদা লুঙ্গি আর হাওয়াই শার্ট ঘুড়ির মতো উড়তে থাকে। নিচে পিঁপড়ের মতো ছোট্ট রুস্তম, নজর আলীরা ঘাড় উঁচু করেও জয়নালের নাগাল পায় না।
হঠাৎ বউয়ের ধাক্কায় আকাশের সীমানা থেকে ধপ করে বিছানায় আছড়ে পড়ে জয়নাল। বোরাকের ডানা উধাও হয়ে যায় কাঁচা ঘরের আর্দ্র মেঝের গন্ধে।
নেতিয়ে পড়া শরীরে জয়নাল চোখ মেলে দেখে, ঘরের চালের ফাটল দিয়ে চাল ধোয়া পানির মতো ভোরের আলো ঢুকছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন