ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার কলেজ সংলগ্ন ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ইটভাটার মালিক কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সালাহউদ্দিন বুলবুল।
নাসিমার মা নাজমা বেগম জানান, গতকাল বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি। রাতে বাড়ি না ফেরায় মা ভেবেছিলেন নাসিমা হয়তো অভিমান করে সাফদারপুর গ্রামে নানাবাড়ি চলে গেছে। কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানা যায়, সে যায়নি। আজ দুপুরে ইটভাটায় মরদেহ পাওয়ার খবর শুনে তিনি এসে মেয়ের পরিচয় শনাক্ত করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন