বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন দুই দিনের সরকারি সফরে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তিনি স্টেশনটির বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটায় ঢাকা থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে সান্তাহারের উদ্দেশে যাত্রা শুরু করেন মহাপরিচালক। দুপুর সোয়া দুইটায় তিনি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছান। সেখানে তিনি স্টেশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেল চারটার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা গ্যাং-কারে (পরিদর্শন যান) করে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের উদ্দেশে রওনা হন।
পার্বতীপুরে তিনি লোকোমোটিভ কারখানা পরিদর্শন এবং স্থানীয় রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের কথা রয়েছে। রেলওয়ের মহাপরিচালকের এই সফরে তার সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সান্তাহার স্টেশন পরিদর্শনকালে ট্রাফিক ইনস্পেক্টর হাবিবুর রহমান, স্টেশনমাস্টার খাদিজা খাতুন, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবীসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মহাপরিচালকের এই সফরে তার সঙ্গে আরও রয়েছেন একান্ত সচিব মো. নাসির উদ্দীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ উদ্দীনসহ অন্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন