জন্মের মাত্র ২১ দিন বয়সে মা ছেড়ে চলে গিয়েছিলেন। দুই বছর না পেরোতেই এবার পিটুনিতে প্রাণ হারালেন বাবা হান্নান শেখ (৩৫)। ফরিদপুরের ২৫ মাস বয়সী শিশু মুসলিমা ইসলামের জীবনে নেমে এল চরম অন্ধকার। পুরোপুরি এতিম হয়ে যাওয়া এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে এখন গভীর উদ্বেগে রয়েছেন তাঁর বৃদ্ধ দাদা-দাদি।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাড়িতে আজ রোববার গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। বাড়িতে শোকের মাতম আর স্বজনদের কান্নার মাঝে অবুঝ মুসলিমা কখনো দাদির কোলে, কখনো অন্যদের কোলে ঘুরে বেড়াচ্ছে। সে জানেও না তার বাবা আর কোনো দিন ফিরে আসবে না।
পরিবারের সদস্যরা জানান, মুসলিমার মা আরিফা বেগম সন্তানের জন্মের ২১ দিন পরই স্বামীকে তালাক দিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে দাদা শাহিদ শেখ ও দাদি নার্গিস বেগমই তাকে লালন-পালন করে আসছিলেন। হান্নানের আয়েই চলত পুরো পরিবার।
দাদি নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মা ২১ দিন বয়সেই চলে গেছে, এখন বাপও নাই। আমার মুসলিমার কেউ রইল না। আমরা বুড়ো মানুষ, মরে গেলে এই বাচ্চার কী হবে?’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত নয়টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়েছে-এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ‘ট্রাকটি ২০ জনকে চাপা দিয়েছে’-এমন খবরে উত্তেজিত জনতা ইট-পাথর ফেলে রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায় এবং চালক হান্নান শেখকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় হান্নানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের দুই সহকারী নাঈম (২২) ও আল-আমিন (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, নিছক গুজব ছড়িয়ে হান্নানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মা-বাবাহীন ছোট এই শিশুটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা। বৃদ্ধ দাদা-দাদির পক্ষে কত দিন তার দায়িত্ব বহন করা সম্ভব হবে, তা নিয়ে এলাকায় শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা শিশুটির জন্য সরকারি ও সামাজিক সহায়তার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন