বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণার পর অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদ্য ঘোষিত কমিটির দুই নেতা।
শনিবার (২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা পদত্যাগের এই ঘোষণা দেন। পদত্যাগকারী দুই নেতা হলেন-জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহাগ এবং কমিটির সদস্য রফিকুল ইসলাম রাব্বি।
এর আগে গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদল নরসিংদী জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেয়। এতে ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করা হয়।
পদত্যাগের ঘোষণা দিয়ে ওমর ফারুক সোহাগ তার ফেসবুক আইডিতে লেখেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তার চেয়ে অনেক কনিষ্ঠ (জুনিয়র) কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এই ‘অবিচারের’ প্রতিবাদে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
একই ধরনের অভিযোগ তুলেছেন রফিকুল ইসলাম রাব্বিও। তিনি তার স্ট্যাটাসে লেখেন, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকার পরও তাকে উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের বাইরে তিনি কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকবেন।
এই দুই নেতার পদত্যাগের ঘোষণা এবং তাদের অনুসারীদের মন্তব্যে স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন