দীর্ঘ প্রতীক্ষার পর সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও মানসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার (৫ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেছে।
সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ জেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক আমচাষি উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বাগানজুড়ে আম পাড়ার ব্যস্ততা শুরু হয়। চাষি আবু সাইদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ভালো দাম পাওয়ার আশা করছি।’
কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।
মৌসুম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অন্যান্য চাষিরাও। তারা জানান, ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে চলতি মৌসুমে তাদের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
আপনার মতামত লিখুন