ফেনী জেলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের আইজিসিএসই (ও-লেভেল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাতটায় ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফেনী শহরের হোপ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ১৯ জন শিক্ষার্থী জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছে। ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফেনীতে একাধিক ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও একমাত্র হোপ ইন্টারন্যাশনাল স্কুলকেই পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এর আগে এই কেন্দ্রের শিক্ষার্থীরা আই-প্রাইমারি ও লোয়ার সেকেন্ডারি আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিয়েছিল।
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলমগীর কবির বলেন, হোপ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কাউন্সিল ও পিয়ারসন এডেক্সেল লন্ডনের অধীনে আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র হওয়ায় ফেনী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার নতুন দুয়ার খুলে গেল।
তিনি আরও জানান, ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি আন্তর্জাতিক পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। এখানকার অনেক শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে।
ফেনীতে পরীক্ষা কেন্দ্র হওয়ায় আনন্দিত অভিভাবকেরাও। আগে এই পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ঢাকা বা চট্টগ্রামে যেতে হতো। এতে একদিকে যেমন যাতায়াত ও থাকার দুর্ভোগ পোহাতে হতো, অন্যদিকে বাড়তি অর্থ ও সময় ব্যয় হতো। এখন নিজ জেলায় পরীক্ষা দেওয়ার সুযোগ মেলায় শিক্ষার্থীদের মনোবল বাড়বে এবং অভিভাবকদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এখন থেকে ফেনী ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন