পিরোজপুরের নেছারাবাদে ডোবার পানিতে পড়ে সার্থক সুতার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সার্থক দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৌরভ সুতারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর কথা বলছিলেন। এ সময় সবার অগোচরে সার্থক ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঘরের পাশের একটি ডোবায় তাকে ভাসতে দেখা যায়।
পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাওহীদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি এখনো পুলিশকে কেউ জানায়নি। পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন