কুড়িগ্রামের ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এলাকাটি পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল। শনিবার (২৩ মে) দুপুরে চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) পাঁচ সদস্যের একটি দল কুড়িগ্রাম সদর উপজেলার এই এলাকাটি পরিদর্শন করে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। দলের অন্য সদস্যরা হলেন—বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শান্তনু।
এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর ওপর ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুর নকশা প্রণয়ন ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই সেতুটি নির্মাণ করা হলে জেলার তিনটি উপজেলার প্রায় আট লাখ মানুষের যাতায়াতের সুবিধা হবে। পাশাপাশি জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে এই সেতু।
সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, ঈদের পর একটি বিশেষজ্ঞ সমীক্ষা দল আসবে। তারা সেতু নির্মাণের বিস্তারিত সুবিধাদি বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চীনা প্রতিনিধিদলটির সঙ্গে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শনের কাজটি সম্পন্ন করা হলো।
আপনার মতামত লিখুন