গাজীপুরের শ্রীপুরে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাকিলা আক্তারের (২৭) বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামে। তার স্বামী রাজু আহম্মেদের বাড়ি রংপুরের কাউনিয়ায়। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আনসার রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ ভোরে শাকিলার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে তার স্বজনেরা পুলিশে খবর দেন।
শাকিলার বড় বোন সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার পর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। শাকিলা যখন ফাঁস দিচ্ছিল, তখন রাজু কোথায় ছিল? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’
আটক রাজু আহম্মেদ দাবি করেন, গতকাল রাতে টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শাকিলা বঁটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। তখন তিনি শাকিলাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে ছাদে চলে যান। পরে এসে দেখেন শাকিলা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন