রাজশাহীর পবা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বের করা একটি ঝটিকা মিছিলের ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিলের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সকালে হঠাৎ একদল নেতাকর্মী মহাসড়কে মিছিল বের করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলে অংশ নেওয়া ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ এখন ওই ভিডিওর সূত্র ধরে মিছিলে জড়িতদের খুঁজছে।
মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না’-এমন বিভিন্ন স্লোগান লেখা ছিল। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। তবে মাস্ক না থাকা ব্যক্তিদের মধ্যে পবা উপজেলার কাটাখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে শনাক্ত করেছেন স্থানীয়রা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা আইনত দণ্ডনীয়। মিছিলে কারা অংশ নিয়েছেন, তা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন