জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে এক জামায়াত নেতার বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন