মেয়ের বাড়ি থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন শামসুন্নাহার (৭৫)। কিন্তু পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ওই বৃদ্ধা। রোববার (১৪ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা সেতুর পশ্চিম পাশে পোস্ট অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিন সরকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে সারমাদুল রহমান (৩৫) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার বদলগাছীতে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ছেলে সারমাদুলের মোটরসাইকেলে চড়ে তিনি বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি ডাকবাংলো ফিডার সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় জয়পুরহাটগামী একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে শামসুন্নাহার সড়ক ছিটকে পড়লে ট্রাকের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত শামসুন্নাহারকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকের চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন