কক্সবাজারের টেকনাফে নাফ নদ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা গ্রেনেড, গোলাবারুদ ও গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার জাদিমুড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
রোববার (১৪ জুন) কোস্ট গার্ড স্টেশন টেকনাফে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে জাদিমুড়া এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে মাটির নিচ থেকে মিয়ানমার সেনাবাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬-এম এমকে-১ হ্যান্ডগ্রেনেড, ৮টি ৪০ মিলিমিটার এইচইডিপি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এসব বিস্ফোরক ও গোলাবারুদ বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা এসব গ্রেনেড ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন