গুরুতর অসুস্থ হয়ে পড়া মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মো. মোতাকাব্বীর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে মাগুরা ছেড়ে যায়।
এর আগে গতকাল রোববার রাতে অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যা ও বুকে-পেটে ব্যথা নিয়ে তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
মাগুরার সিভিল সার্জন শামীম কবির বলেন, ‘অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে পেট ফোলা ও বুকে ব্যথা নিয়ে জেলা প্রশাসক গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ দুপুরের পর তার বুকের ব্যথা কিছুটা কমেছে। তবে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার প্রয়োজনে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’
হাসপাতাল ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেলে মাগুরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে জেলা প্রশাসককে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অপেক্ষমাণ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনেরা।
আপনার মতামত লিখুন