বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুল ইসলাম (৩২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া সোনাকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মোল্লাহাটের ঘের ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিনের খামারে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ঘেরে পানি দেওয়ার মোটর (মেশিন) ঠিক করতে যান মাইনুল। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মাইনুল নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ও হাসপাতালের অবস্থান অনুযায়ী ফকিরহাট থানা-পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন