রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোমেনা খাতুন (২০) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোমেনা ওই গ্রামের সালাম খানের মেয়ে। তার স্বামী মামুন শেখ সৌদি আরব প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে আসেন মোমেনা। বুধবার রাতেও মুঠোফোনে স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতের কোনো এক সময় তিনি নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ভোর চারটার দিকে মোমেনার ছোট সন্তানের কান্নায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তার ভাবি গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে মোমেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন