প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (বালক)-এ জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করায় ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ব্যবস্থাপক জিয়াদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আরাফাত সিদ্দিকী খুদে ফুটবলারদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, খেলোয়াড়েরা যেন নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সুনাম বয়ে আনতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে উপহার হিসেবে স্কুলব্যাগ ও ফুলের তোড়া তুলে দেন।
উল্লেখ্য, গত ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে রানারআপ হয় দরিরামপুর মডেল স্কুল। খেলা শেষে প্রধানমন্ত্রী খুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন