দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির চিফ কালেক্টরসহ চার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে সংগঠনের বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-সংগঠনের চিফ কালেক্টর অটল চাকমা, সাবেক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অনুপম চাকমা (অনু), অর্থ বিভাগের সদস্য জীবন ত্রিপুরা ও সদস্য মংএনু মারমা। তারা সবাই বান্দরবান জেলা কমিটির সক্রিয় কর্মী ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে ইউপিডিএফের (গণতান্ত্রিক) দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে ওই ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে কোনো অপরাধমূলক বা উচ্ছৃঙ্খল কাজ করলে তার দায় সংগঠন নেবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বান্দরবান জেলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের আদর্শ ও নিয়মকানুন রক্ষার ক্ষেত্রে দলটি সর্বদা ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। দলের সব স্তরের নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউপিডিএফের (গণতান্ত্রিক) বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা বলেন, ‘বহিষ্কৃত চারজন দীর্ঘদিন ধরে সংগঠনের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।’
আপনার মতামত লিখুন