মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির নামের আরও এক কিশোর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ছাব্বির আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন