কৃষিতে বায়োফর্টিফিকেশন হতে পারে পুষ্টি বিপ্লব
“অন্নে বাঁচে মানুষ, আর পুষ্টিতে বাঁচে মানবসভ্যতা”। এই সত্যটি যতদিন আমরা উপলব্ধি করতে না পেরেছি, ততদিন কৃষির সাফল্যকে মেপেছি শুধু গোলাভরা ধান, ভরাপেট ভাত কিংবা উৎপাদনের পরিসংখ্যানে। অথচ আজকের পৃথিবী আমাদের নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ক্ষুধার সঙ্গে লড়াইয়ে অনেক দেশ এগিয়েছে, কিন্তু অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। মানুষের থালা ভরছে, কিন্তু শরীর ভরছে না প্রয়োজনীয় পুষ্টিতে। এই নীরব সংকটের নাম লুকানো ক্ষুধা । বাংলাদেশ কৃষিতে এক বিস্ময়কর সাফল্যের দেশ। স্বাধীনতার পর খাদ্যঘাটতির যে বাংলাদেশ ছিল, আজ সেই বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার গৌরব অর্জন করেছে। ধান, আলু, সবজি, ফল, মাছ প্রায় প্রতিটি ক্ষেত্রেই উৎপাদনের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, নাকি পুষ্টিতেও স্বয়ংসম্পূর্ণ? পরিসংখ্যান বলছে, দেশে এখনো বহু শিশু, কিশোরী, গর্ভবতী নারী এবং প্রবীণ মানুষ আয়রন, জিংক, ভিটামিন-এ ও অন্যান্য অণুপুষ্টির ঘাটতিতে ভুগছেন। এই ঘাটতির কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কর্মক্ষমতা হ্রাস পায় এবং জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্থ হয়। তাই কৃষির নতুন লক্ষ্য হওয়া উচিত শুধু খাদ্য উৎপাদন নয়, পুষ্টি উৎপাদন। এই নতুন দর্শনের নাম বায়োফর্টিফিকেশন। এটি এমন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি, যার মাধ্যমে উদ্ভিদ প্রজনন, আধুনিক জৈব প্রযুক্তি কিংবা সুষম পুষ্টি ব্যবস্থাপনার সাহায্যে ফসলের মধ্যেই আয়রন, জিংক, ভিটামিন-এ, সেলেনিয়ামসহ প্রয়োজনীয় অণুপুষ্টির পরিমাণ বৃদ্ধি করা হয়। অর্থাৎ, খাদ্য রান্নার পরে নয়; বীজ থেকেই শুরু হয় পুষ্টির যাত্রা। একটি বীজের ভেতরে লুকিয়ে থাকে শুধু নতুন জীবনের সম্ভাবনা নয়; লুকিয়ে থাকে একটি জাতির সুস্বাস্থ্যের ভবিষ্যৎও। যখন সেই বীজ থেকে জন্ম নেয় জিংকসমৃদ্ধ ধান, আয়রনসমৃদ্ধ ডাল কিংবা ভিটামিন-এ সমৃদ্ধ মিষ্টি আলু, তখন কৃষকের জমি কেবল খাদ্য উৎপাদনের ক্ষেত্র থাকে না; সেটি হয়ে ওঠে এক একটি প্রাকৃৃতিক পুষ্টির কারখানা। বিশ্ব ইতোমধ্যে এই প্রযুক্তির সুফল দেখতে শুরু করেছে। আফ্রিকার বহু দেশে ভিটামিন-এ সমৃদ্ধ কমলা রঙের মিষ্টি আলু শিশুদের রাতকানা ও ভিটামিন-এ ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিংকসমৃদ্ধ ধান ও গম দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের খাদ্যতালিকায় নতুন আশার সঞ্চার করেছে। আয়রনসমৃদ্ধ শিম ও মুক্তাশস্য বা বাজরা আফ্রিকা ও লাতিন আমেরিকায় অপুষ্টি মোকাবিলায় সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশও এ যাত্রায় পিছিয়ে নেই। দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো জিংকসমৃদ্ধ ধান, অধিক পুষ্টিসমৃদ্ধ গম ও অন্যান্য ফসল উদ্ভাবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব জাত ধীরে ধীরে কৃষকের মাঠে বিস্তার লাভ করছে। কিন্তু গবেষণাগার থেকে কৃষকের জমি এবং সেখান থেকে সাধারণ মানুষের খাদ্যতালিকায় পৌঁছানোর এই যাত্রাকে আরও দ্রুত ও কার্যকর করতে হবে। বায়োফর্টিফিকেশনের সবচেয়ে বড় শক্তি হলো এর স্থায়িত্ব। একবার একটি পুষ্টিসমৃদ্ধ জাত উদ্ভাবিত হলে কৃষক সেই বীজ বছরের পর বছর উৎপাদন করতে পারেন। এতে আলাদা করে খাদ্যে পুষ্টি মেশানো বা নিয়মিত পুষ্টি-সম্পূরক বিতরণের প্রয়োজন অনেকাংশে কমে যায়। এটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ব্যয়-সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান। তবে শুধু নতুন জাত উদ্ভাবনই যথেষ্ট নয়। প্রয়োজন মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহ, কৃষকের প্রশিক্ষণ, ভোক্তার সচেতনতা এবং কার্যকর নীতিগত সহায়তা। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বীজ প্রতিষ্ঠান এবং পুষ্টিবিদদের সমন্বিত উদ্যোগ ছাড়া বায়োফর্টিফিকেশন জাতীয় আন্দোলনে পরিণত হবে না। এখানে বীজের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত জাতের পুষ্টিসমৃদ্ধ বীজ যদি সময়মতো কৃষকের হাতে না পৌঁছায়, তবে গবেষণার সাফল্য গবেষণাগারেই সীমাবদ্ধ থেকে যাবে। তাই মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, প্রত্যয়ন এবং সারা দেশে দক্ষ বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। পুষ্টিসমৃদ্ধ জাতের বীজকে জাতীয় বীজ কর্মসূচির অগ্রাধিকার তালিকায় স্থান দেওয়া সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন কৃষি নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এমন ফসল প্রয়োজন যা একদিকে জলবায়ু সহনশীল, অন্যদিকে অধিক পুষ্টিসমৃদ্ধ। ভবিষ্যতের উদ্ভিদ প্রজনন কর্মসূচিতে তাই ফলন, রোগসহনশীলতা এবং পুষ্টিমান এই তিনটি বৈশিষ্ট্যকে সমান গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ২০৪১ সালের উন্নত রাষ্ট্র এবং ২০৫০ সালের টেকসই উন্নয়নের যে স্বপ্ন দেখছে, সেখানে পুষ্টিসমৃদ্ধ জনগোষ্ঠী ছাড়া সেই স্বপ্ন পূরণ সম্ভব নয়। অপুষ্ট শিশুর হাতে স্মার্ট প্রযুক্তি তুলে দিলে স্মার্ট জাতি গড়ে উঠবে না; প্রয়োজন সুস্থ দেহ, তীক্ষ মেধা এবং কর্মক্ষম মানুষ। সেই ভিত্তি নির্মাণ শুরু হয় কৃষকের মাঠে, একটি ছোট্ট বীজ থেকে। সবুজ বিপ্লব আমাদের শিখিয়েছে কিভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়। এখন সময় “পুষ্টি বিপ্লব”-এর, যেখানে প্রতিটি বীজ হবে সুস্বাস্থ্যের দূত, প্রতিটি ক্ষেত হবে পুষ্টির ভান্ডার এবং প্রতিটি ফসল হবে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। তাই- “শুধু বেশি ফলন নয়, চাই বেশি পুষ্টি; শুধু ভরা গোলা নয়, চাই সুস্থ বাংলাদেশ। বায়োফর্টিফিকেশন কোনো বিলাসী প্রযুক্তি নয়; এটি আগামী দিনের কৃষির অপরিহার্য দর্শন। আজ যদি আমরা বীজে পুষ্টির বিনিয়োগ করি, আগামী প্রজন্ম আমাদের ফিরিয়ে দেবে সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ বাংলাদেশ।[লেখক: ব্যবস্থাপক (উদ্যান), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)]