গুদামে সার, মাঠে সংকট: কৃষকের লাইনের দায় কার?
ভোরের আলো ফোটার আগেই কৃষক সার নিতে ডিলারের দোকানের সামনে দাঁড়াচ্ছেন। কারও জমি তৈরি হয়ে আছে, কারও সরিষা কিংবা গম বোনার সময় চলে যাচ্ছে, আবার কেউ বোরোর বীজতলা প্রস্তুত করছেন। দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজনীয় সার হাতে না পেলে সরকারি গুদামে মোট কত টন সার মজুত আছে, সে হিসাব কৃষকের কাছে সান্ত্বনা হয়ে ওঠে না। তার কাছে সারের প্রাপ্যতা মানে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত মূল্যে এবং প্রয়োজনমতো সার পাওয়া। গুদামে থাকা আর কৃষকের হাতে পৌঁছানো যে এক কথা নয়, চলতি রবি ও বোরো মৌসুমের শুরুতেই তা আবার স্পষ্ট হয়ে উঠেছে।সরকারের বক্তব্য, দেশে সারের প্রকৃত ঘাটতি নেই। কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে নভেম্বর মাসের ইউরিয়া ও নন-ইউরিয়া সারের বরাদ্দ এবং ১৮ অক্টোবর থেকে তা অগ্রিম উত্তোলনের অনুমতির কথা বলা হয়েছে। কৃষি বিভাগের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরে রাজশাহী জেলার জন্য ইউরিয়া ৭ হাজার ৬১ মেট্রিক টন, ডিএপি ৯ হাজার ২৫৮ মেট্রিক টন, এমওপি ৫ হাজার ৭৩০ মেট্রিক টন এবং টিএসপি ৩ হাজার ৯৩৬ মেট্রিক টন বরাদ্দ ছিল। অর্থাৎ কাগজের হিসাবে বরাদ্দ কিন্তু কম নয়। তারপরও কৃষক সার পেতে লাইনে দাঁড়ালে প্রশ্ন ওঠে বরাদ্দের সার সময়মতো মাঠে পৌঁছাচ্ছে কি না।গত ১৯ নভেম্বর রাজশাহীতে আট জেলার প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সার বিতরণ পর্যালোচনা সভায় কৃষি সচিব বলেন, সংকটের বড় কারণ কৃষকের আতঙ্ক, একসঙ্গে অতিরিক্ত সার কেনার প্রবণতা এবং কোনো কোনো স্থানে প্রভাবশালী গোষ্ঠীর তৎপরতা। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, ডিলাররা মাসের ২১ তারিখের মধ্যে বরাদ্দের শতভাগ সার উত্তোলন করলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।
কিন্তু মাঠের খবর আমাদের সামনে অন্য একটি প্রশ্ন নিয়ে আসে। রাজশাহীর বাগমারাসহ দেশের বিভিন্ন এলাকায় কৃষকের দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, চাহিদামতো সার না পাওয়া এবং কোথাও বেশি দামে কেনার অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। জাতীয় পর্যায়ে পর্যাপ্ত মজুত থাকার সরকারি দাবি যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি স্থানীয় পর্যায়ে সময়মতো সার না পাওয়ার অভিজ্ঞতাও অস্বীকার করা যাবে না। এক পক্ষকে ভুল প্রমাণের চেষ্টা না করে বরং আমাদের খুঁজে দেখা প্রয়োজন সার কোথায় আটকে যাচ্ছে?সার ব্যবস্থাপনার শৃঙ্খলটি বেশ দীর্ঘ। জাতীয় মজুত থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বরাদ্দ যায়। অনুমোদিত ডিলার সেই বরাদ্দ উত্তোলন করেন। এরপর নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছে তা বিক্রি হওয়ার কথা। এই শৃঙ্খলের যেকোনো একটি জায়গায় সময়ের ব্যত্যয় ঘটলেই মাঠে সংকট দেখা দিতে পারে। ডিলার সময়মতো সার উত্তোলন না করলে, এলাকার ফসল ও আবাদি জমির সঙ্গে চাহিদার হিসাব না মিললে, কিংবা বরাদ্দ করা সার অন্য এলাকায় চলে গেলে কাগজে পর্যাপ্ততা থাকলেও কৃষকের জমিতে তার প্রতিফলন দেখা যাবে না।কৃষকের উদ্বেগকে শুধু ‘আতঙ্ক’ বলেও পুরো সমস্যার ব্যাখ্যা করা যায় না। একজন কৃষক যখন জানেন না তার ইউনিয়নে কত সার এসেছে, কোন ডিলারের কাছে পাওয়া যাবে, তিনি কতটুকু কিনতে পারবেন কিংবা পরবর্তী চালান কবে আসবে, তখন তার মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক। আগের মৌসুমে সার পেতে ভোগান্তির অভিজ্ঞতা থাকলে তিনি প্রয়োজনের আগেই সার সংগ্রহ করতে চাইবেন।আবার এই আশঙ্কা থেকে কোনো কৃষক প্রয়োজনের অতিরিক্ত সার কিনে রাখলে অন্য কৃষক তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হতে পারেন। অর্থাৎ আতঙ্ক যেমন সংকট বাড়ায়, তেমনি সঠিক তথ্যের অভাব এবং বণ্টনব্যবস্থার প্রতি আস্থাহীনতাও সেই আতঙ্ক সৃষ্টি করে। সমস্যার দায় কেবল কৃষকের ওপর চাপিয়ে দিলে বণ্টনব্যবস্থার দুর্বলতা আড়ালেই থেকে যাবে।
বর্তমান সংকটের একটি গুরুত্বপূর্ণ কৃষিতাত্ত্বিক দিকও রয়েছে। সব সার একই কাজ করে না এবং ফসলের সব পর্যায়ে একইভাবে প্রয়োগও করা যায় না। জমি তৈরির সময় যে পুষ্টি প্রয়োজন, কয়েক সপ্তাহ পর অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করে তার সম্পূর্ণ ঘাটতি পূরণ করা সব সময় সম্ভব নয়। ফসল প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে সুষম পুষ্টি না পেলে শিকড়ের বিস্তার, গাছের সমান বৃদ্ধি, কুশি সৃষ্টি এবং পরবর্তী ফলন-উপাদান প্রভাবিত হতে পারে।কোনো একটি সার না পেয়ে কৃষক হাতের কাছে পাওয়া অন্য সার নির্বিচারে ব্যবহার করলে নতুন সমস্যাও তৈরি হতে পারে। টিএসপি ও ডিএপি এ দুটি সারই ফসফরাসের উৎস হলেও তাদের পুষ্টি-সংগঠন এক নয়। ডিএপিতে ফসফরাসের পাশাপাশি নাইট্রোজেনও থাকে। সেই নাইট্রোজেনের হিসাব না করে পরে আগের মতো ইউরিয়া প্রয়োগ করলে মোট নাইট্রোজেনের ভারসাম্য বদলে যেতে পারে।অন্যদিকে, ইউরিয়া সহজে পাওয়া যাচ্ছে বলেই শুধু সেটি বেশি ব্যবহার করলে ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিংক কিংবা অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দূর হবে না। গাছ প্রথমে বেশি সবুজ দেখালেও সেটি সুষম বৃদ্ধি বা ভালো ফলনের নিশ্চয়তা নয়। ফসলের পুষ্টি ব্যবস্থাপনায় চোখে দেখা সবুজ রঙের চেয়ে মাটির প্রকৃত অবস্থা ও পুষ্টির ভারসাম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।বরেন্দ্র অঞ্চলে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সার সুপারিশমালায় উচ্চ বরেন্দ্র অঞ্চলের অনেক মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থেকে মাঝারি, মাটি অম্লীয় এবং কোথাও শক্ত কর্ষণস্তর ও একাধিক পুষ্টি উপাদানের ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলে একই সময়ে গম, ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, শীতকালীন সবজি এবং বোরোর প্রস্তুতি চলে। ফলে কয়েকটি নির্দিষ্ট সারের চাহিদা দ্রুত বেড়ে যায়। এখানে শুধু জেলায় মোট কত সার বরাদ্দ হয়েছে, সেই হিসাব যথেষ্ট নয়। কোন উপজেলায় কোন ফসল কত জমিতে হচ্ছে এবং কোন সময়ে কোন সারের প্রয়োজন হবে, সেই হিসাব ধরেই সরবরাহ নিশ্চিত করতে হবে।
সারসংকটের আলোচনায় জৈব সারের প্রসঙ্গও আসে। মাটির জৈব পদার্থ বৃদ্ধি, গঠন উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি উর্বরতা রক্ষায় পচা গোবর, মানসম্মত কম্পোস্ট, সবুজ সার ও ফসলের অবশিষ্টাংশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু জৈব সারকে রাতারাতি সব রাসায়নিক সারের সমমাত্রিক বিকল্প হিসেবে দেখানোও বিজ্ঞানসম্মত নয়। জৈব উৎসে পুষ্টির পরিমাণ ও পুষ্টি মুক্ত হওয়ার সময় ভিন্ন হতে পারে। তাই মাটি পরীক্ষা, ফসলের চাহিদা এবং জৈব ও অজৈব উৎস থেকে পাওয়া মোট পুষ্টির হিসাব মিলিয়ে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।বর্তমান পরিস্থিতিতে কৃষকের করণীয় সম্পর্কেও পরিষ্কার পরামর্শ প্রয়োজন। জমির পরিমাণ, ফসল ও মাটির অবস্থার ভিত্তিতে প্রকৃত সারের প্রয়োজন আগে হিসাব করতে হবে। ডিএপি ব্যবহার করলে তার মাধ্যমে পাওয়া নাইট্রোজেন ইউরিয়ার হিসাবে সমন্বয় করতে হবে। অনুমোদিত ডিলারের কাছ থেকে রসিদ নিয়ে সার কেনা এবং অস্বাভাবিক বেশি দামের অভিযোগ প্রমাণসহ স্থানীয় প্রশাসন বা কৃষি কর্মকর্তাকে জানানো দরকার। তবে কৃষকের কাছে এই সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত কৃষি কর্মকর্তা, সহজ অভিযোগব্যবস্থা এবং দ্রুত প্রতিকারের নিশ্চয়তাও থাকতে হবে।সমাধানের প্রথম শর্ত স্বচ্ছতা। প্রতিটি ডিলার পয়েন্টে কোন সার কতটুকু বরাদ্দ হয়েছে, কতটুকু উত্তোলন করা হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে এবং পরবর্তী চালান কবে আসবে এসব তথ্য প্রকাশ্যে প্রদর্শন করা উচিত। তথ্য অনলাইনে প্রকাশের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস এবং ডিলারের দোকানে নোটিশ আকারেও দিতে হবে। কারণ সব কৃষকের ডিজিটাল তথ্য পাওয়ার সুযোগ সমান নয়।মূল্যতালিকা প্রদর্শন ও প্রতিটি বিক্রয়ে রসিদ দেওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং কৃষক প্রতিনিধির সমন্বয়ে নিয়মিত তদারকি থাকলে গুজব, অতিরিক্ত মজুত ও অনিয়ম এই তিনটি কমানো সম্ভব। কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠলে দ্রুত তদন্ত হতে হবে; আবার যাচাই ছাড়া কাউকে দায়ী করাও ঠিক হবে না।কৃষক কার্ডকে কেবল পরিচয়পত্র হিসেবে না দেখে জমি, ফসল ও মৌসুমভিত্তিক চাহিদার সঙ্গে যুক্ত করা যেতে পারে। এতে প্রকৃত কৃষকের প্রয়োজন নির্ধারণ এবং একজনের নামে অস্বাভাবিক পরিমাণ সার তুলে নেওয়া ঠেকানো সহজ হবে। তবে ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিরা যেন জমির কাগজপত্রের জটিলতায় বাদ না পড়েন, সেটিও নিশ্চিত করতে হবে।
খাদ্য উৎপাদনের সবচেয়ে সংবেদনশীল সময়ে কৃষকের হাতে সার পৌঁছানো বিষয়টি অনুগ্রহ নয়।এটি দেশের খাদ্যনিরাপত্তা রক্ষার অপরিহার্য দায়িত্ব। সার যদি সত্যিই পর্যাপ্ত থাকে, তবে কৃষকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফেরার কথা নয়। আবার কোনো এলাকায় বাস্তব ঘাটতি থাকলে সেটিও অস্বীকার না করে দ্রুত চিহ্নিত ও সমাধান করতে হবে।মজুতের হিসাব দিয়ে সংকটের ব্যাখ্যা শেষ হবেনা।সেই হিসাবের শেষ লাইনটি লিখতে হয় আমাদের কৃষকের জমিতে। গুদামে সার থাকা সরকারের সক্ষমতার প্রমাণ হতে পারে কিন্তু সঠিক সময়ে, সঠিক দামে, সঠিক কৃষকের হাতে সঠিক সার পৌঁছে দেওয়াই হবে ব্যবস্থাপনার প্রকৃত সাফল্য।লেখক: সহকারী অধ্যাপক, কৃষিবিদ ও গবেষক