মাটি, পানি, বায়ুসহ নানারকম দূষণে জর্জরিত। হৃদরোগ, ফুসফুসের রোগ, স্ট্রোক আর সড়ক দুর্ঘটনার মতো নানা ঝুঁকি। তারপরও এগিয়ে বাংলাদেশের নারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন গ্লোবাল হেলথ এস্টিমেটসে দেখা যাচ্ছে, ২০২৩ সালে বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৪ বছর। পুরুষদের চেয়ে তা ৩ দশমিক ৩ বছর বেশি। আর এই সংখ্যাটি ভারত ও পাকিস্তানের নারীদের তুলনায় অনেকটাই ভালো। ডব্লিউএইচওর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। ভারতের ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর। অর্থাৎ বাংলাদেশের মানুষ ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচছেন। আর এই সাফল্যের বড় অংশটুকু এসেছে নারীদের হাত ধরে। ২০২২ সালেও একই চিত্র ছিল। ওই বছর বাংলাদেশের নারীদের গড় আয়ু ছিল ৭৪ দশমিক ১ বছর, পুরুষদের ৭১ বছর। বাংলাদেশের নারীদের এই অগ্রযাত্রা শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিকূলতার মুখে টিকে থাকার এক অনুপ্রেরণার গল্প।